পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের অভিযোগের জবাব দিল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i89030-পারস্য_উপসাগরীয়_সহযোগিতা_পরিষদের_অভিযোগের_জবাব_দিল_ইরান
ইরান বলেছে, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র নামে সৌদি আরব তেহরানের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে তার পরিবর্তে মধ্যপ্রাচ্য অঞ্চলের এখন সংলাপ বেশি প্রয়োজন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মার্চ ২৩, ২০২১ ১০:৩৪ Asia/Dhaka
  • গত ১৭ মার্চ রিয়াদে পিজিসিসি’র মন্ত্রী পর্যায়ের ১৪৭তম বৈঠক অনুষ্ঠিত হয়
    গত ১৭ মার্চ রিয়াদে পিজিসিসি’র মন্ত্রী পর্যায়ের ১৪৭তম বৈঠক অনুষ্ঠিত হয়

ইরান বলেছে, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র নামে সৌদি আরব তেহরানের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে তার পরিবর্তে মধ্যপ্রাচ্য অঞ্চলের এখন সংলাপ বেশি প্রয়োজন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে তার অফিসিয়াল টুইটার পেজে আরবি ভাষায় দেয়া এক পোস্টে লিখেছেন, “সৌদি আরব পিজিসিসি’র নাম ভাঙিয়ে ইরানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছে।” তিনি আরো লিখেছেন, “ইরান সম্প্রতি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির একটি বার্তার জবাবে দিয়েছে। ওই জবাবে তেহরান বলেছে, মধ্যপ্রাচ্যের চলমান নানা সমস্যার একমাত্র সমাধান হচ্ছে আঞ্চলিক সংলাপ।”

গত ১৭ মার্চ রিয়াদে পিজিসিসি’র মন্ত্রী পর্যায়ের ১৪৭তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সমাপনি বক্তব্যে পরিষদের মহাসচিব নায়েফ আল-হাজরাফ বলেন, সৌদি আরব তার নিরাপত্তা রক্ষার জন্য যেসব পদক্ষেপ নিচ্ছে তার প্রতি পিজিসিসি’র পূর্ণ সমর্থন রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

তিনি বলেন, ইরানের সঙ্গে সম্ভাব্য যেকোনো সংলাপে দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির পাশাপাশি এটি পরমাণু কর্মসূচিকে অন্তর্ভুক্ত করতে হবে। তিনি ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধাদের প্রতি ইরানের কথিত সমর্থনের সমালোচনা করে দাবি করেন, ইরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে চায়।

পিজিসিসি’র প্রধানের এসব বক্তব্যকে তেহরান সৌদি আরবের রাষ্ট্রীয় নীতির প্রতিফলন বলে মনে করছে।  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার টুইটার বার্তায় আরো বলেছেন, “বর্তমানে আমাদের অঞ্চলের সবচেয়ে বেশি প্রয়োজন সংলাপ এবং অতীতের যেকোনো সময়ের তুলনায় ব্যাপকভিত্তিক আলোচনা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।”#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।