রেডিও তেহরান-এর প্রাত্যাহিক অনুষ্ঠানগুলো সম্পর্কে মতামত
https://parstoday.ir/bn/news/letter-i97726-রেডিও_তেহরান_এর_প্রাত্যাহিক_অনুষ্ঠানগুলো_সম্পর্কে_মতামত
আসসালামু আলাইকুম। লিপিকার প্রারম্ভে রেডিও তেহরান-এর সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কলা-কুশলী ও অগণিত শ্রোতা বন্ধুকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। রেডিও তেহরানকে নিয়ে লেখালেখির আগ্রহটা বেশ পুরোনো। কিন্তু কী লিখব তা খুঁজে পাচ্ছি না। কখনো ভাব থাকলেও ভাষার দৈন্যতার কারণে লেখা হয় না। তবুও মাঝে মাঝে চেষ্টা করি লেখার জন্য আর সেই চেষ্টার জন্যই আজকের এই প্রয়াস।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২১ ০৯:৪৯ Asia/Dhaka
  • রেডিও তেহরান-এর প্রাত্যাহিক অনুষ্ঠানগুলো সম্পর্কে মতামত

আসসালামু আলাইকুম। লিপিকার প্রারম্ভে রেডিও তেহরান-এর সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কলা-কুশলী ও অগণিত শ্রোতা বন্ধুকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। রেডিও তেহরানকে নিয়ে লেখালেখির আগ্রহটা বেশ পুরোনো। কিন্তু কী লিখব তা খুঁজে পাচ্ছি না। কখনো ভাব থাকলেও ভাষার দৈন্যতার কারণে লেখা হয় না। তবুও মাঝে মাঝে চেষ্টা করি লেখার জন্য আর সেই চেষ্টার জন্যই আজকের এই প্রয়াস।

রেডিও তেহরান থেকে প্রচারিত প্রাত্যাহিক অনুষ্ঠানসমূহ হলো- অর্থসহ কুরআন তেলাওয়াত, বিশ্বসংবাদ, দৃষ্টিপাত ও কথাবার্তা। শুরু থেকেই এসব অনুষ্ঠান নিয়মিত প্রচারিত হয়ে আসছে। প্রাত্যাহিক অনুষ্ঠানসমূহ শোনার জন্য অগণিত শ্রোতা কেন এতো অপেক্ষায় প্রহর গোনে- সে সম্পর্কে আমার কিছু নিজস্ব মতামত আজকের চিঠিতে তুলে ধরার প্রয়াস করছি।

অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াত:

রেডিও তেহরানের সান্ধ্য ও নৈশ অধিবেশনের শুরুতেই মধুর কণ্ঠে পবিত্র কুরআনের নির্বাচিত কিছু আয়াতের তেলাওয়াত ও বাংলা তরজমা প্রচার করা হয় যা সত্যিই আমাদের মন-প্রাণ শীতল করে এক আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসায় ঈমানী তাকওয়া বৃদ্ধিতে সহায়তা করে। কুরআনের সুমধুর সুরে মনে-প্রাণে শান্তির পরশ বুলিয়ে দেয়; যা আমি চরমভাবে উপলব্ধি করি।

বিশ্বসংবাদ:

রেডিও তেহরান থেকে প্রচারিত বিশ্ব সংবাদে চলমান বিশ্বের প্রতিদিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সর্বশেষে বিবরণ প্রতিদিন তুলে ধরা হয়। এখানে উল্লেখ্য যে, রেডিও তেহরান-এর বিশ্বসংবাদ সত্য, বস্তুনিষ্ঠ, তরতাজা ও নিরপেক্ষ, যা অন্য কোনো বেতারে শোনা যায় না। বিশেষ করে মুসলিম জাহানের নির্যাতিত, নিপীড়িত মজলুম মানুষের খবরাখবর। তাই মানুষ অসীম আগ্রহের সাথে অপেক্ষা করে তরতাজা, বাস্তব ও নিরপেক্ষ সংবাদের আশায়।

সেই সাথে ঢাকার সংবাদদাতা জনাব আব্দুর রহমান খান ও কোলকাতার সংবাদদাতা জনাব আব্দুল হাকিমের প্রতিবেদনে দুই দেশের গুরুত্বপূর্ণ ঘটনার প্রতিবেদনগুলো আমাদেরকে মুগ্ধ করে ও খবরের সত্যতা যাচাই করতে সহায়তা করে। তাই রেডিও তেহরান-এর বিশ্বসংবাদ সবার জন্য আকর্ষণীয় ও গ্রহণীয় এতে কোনো সন্দেহ নেই।

দৃষ্টিপাত:

বিশ্বসংবাদ-এর পর পর প্রচারিত হয় সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এই অনুষ্ঠানে চলমান বিশ্বে ঘটে যাওয়া ঘটনার বিশ্লেষণ তুলে ধরা হয়। প্রতিবেদনে ঘটনার গভীরে গিয়ে মাঠ পর্যায়ের কথাবার্তাও তুলে ধরার চেষ্টা করা হয়। তার জন্য ঘটনার পক্ষে-বিপক্ষের অভিমতগুলো শুনে প্রকৃত বিষয় বুঝে উঠতে সহায়তা করে।

কথাবার্তা:

যাদের পক্ষে প্রতিদিন পত্রপত্রিকা কিনে পড়া সম্ভব নয় তাদের জন্য দুই বাংলার পত্র-পত্রিকার গুরুত্বপূর্ণ খবরাখবর ও বিশ্লেষণ তুলে ধরা হয় কথাবার্তা অনুষ্ঠানে। তা আমার নিকট বাড়তি পাওনা। ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত দৈনিক খবরাখবর সত্যি আমাদের জ্ঞানের পিপাসা মেটায় ও জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করে।

পরিশেষে রেডিও তেহরান-এর সকল কর্মকর্তা, কলা-কুশলী, উপস্থাপক-উপস্থাপিকা ও অগণিত শ্রোতা বন্ধুকে আবারো শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভুল মার্জনীয়।

 

ধন্যবাদান্তে,

আব্দুস সালাম সিদ্দিক,

সভাপতি, সকাল-সন্ধ্যা রেডিও লিসেনার্স ক্লাব,

কান্দুলিয়া, বড়পেটা, আসাম, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।