আল-আকসা ইস্যুতে জর্দানে ইসরাইলি দূতাবাসে হামলা
-
আম্মানে বিক্ষোভ
পবিত্র আল-আকসা মসজিদ এবং এর আশপাশে ফিলিস্তিনি মুসলমানদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে জর্দানের রাজধানী আম্মানে অবস্থিত ইহুদিবাদী ইসরাইলের দূতাবাসে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।
এ সময় জর্দানের নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর আগে সেখানে ইসরাইল-বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়।
পূর্ব জেরুজালেম বা আল-কুদস শহরে অবস্থিত আল-আকসা মসজিদের আঙিনায় এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইহুদিবাদী ইসরাইল গত ১৪ জুলাই মুসলমানদের প্রথম এ কিবলা মসজিদ বন্ধ করে দেয়। এমনকি আল-আকসা মসজিদে মুসল্লিদের জুমার নামাজ আদায় বন্ধ করে দেয় ইসরাইল। অবশ্য এর দু'দিন পর এটি আবার খুলে দেয়া হলেও ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদে মেটাল ডিটেক্টর এবং ক্যামেরা ব্যবহারসহ নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। এর পরিপ্রেক্ষিতে মুসলমানরা সেখানে প্রবেশে অস্বীকৃতি জানান এবং প্রতিবাদে তারা মসজিদের বাইরের আঙিনায় নামাজ আদায় করে আসছেন। এরইমধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে ইসরাইলি নিরাপত্তা বাহিনী ও অবৈধ স্থাপনকারী ইহুদিদের সঙ্গে সংগর্ষে বেশ কয়েকজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪