অধিকৃত ভূখণ্ডে ইহুদিবাদী সেনাদের গুলিতে ২ ফিলিস্তিনির শাহাদাত
https://parstoday.ir/bn/news/west_asia-i67688-অধিকৃত_ভূখণ্ডে_ইহুদিবাদী_সেনাদের_গুলিতে_২_ফিলিস্তিনির_শাহাদাত
অধিকৃত ফিলিস্তিনে (ইসরাইলে) ইহুদিবাদী সেনাদের নির্বিচার গুলিতে দুই ফিলিস্তিনি শাহাদাতবরণ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৯, ২০১৯ ০৬:০৩ Asia/Dhaka
  • মারমুখী ইসরাইলি সেনারা (ফাইল ছবি)
    মারমুখী ইসরাইলি সেনারা (ফাইল ছবি)

অধিকৃত ফিলিস্তিনে (ইসরাইলে) ইহুদিবাদী সেনাদের নির্বিচার গুলিতে দুই ফিলিস্তিনি শাহাদাতবরণ করেছেন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘মাআ’ এই খবর জানিয়ে বলেছে, ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা গতকাল (সোমবার) বিকেলে ইসরাইলের ‘ইয়াফা’ এবং ‘কারিয়াত তাবাউন’ এলাকায় আলাদা গুলিবর্ষণের ঘটনায় ওই দুই ফিলিস্তিনিকে হত্যা করে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, ইসরাইলের রাজধানী তেল আবিবের কাছে ‘ইয়াফা’ এলাকায় ২৩ বছর বয়সি ফিলিস্তিনি যুবক  ‘রামজি মাজিদ হাম্মাদ’ গুলিবিদ্ধ হন। তাকে হাসপাতালে নেয়ার পর তিনি শাহাদাতবরণ করেন।

ফিলিস্তিনি যুবকের শাহাদাত (ফাইল ছবি)

এ ছাড়া, ইহুদিবাদী ইসরাইলি সেনারা ‘কারিয়াত তাবাউন’ এলাকায় ৬০ বছর বয়সি ফিলিস্তিনি প্রৌঢ় ‘হাসিব মুসা’কে গুলি করে। তাকে ইসরাইলের হাইফা শহরের একটি হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই দুই হতভাগ্য ফিলিস্তিনিকে কেন হত্যা করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে ফিলিস্তিনের স্বশাসিত অঞ্চল (জর্দান নদীর পশ্চিম তীর ও গাজা উপত্যকা) এবং অধিকৃত ফিলিস্তিনে (ইসরাইলে) সম্প্রতিক সময়ে ইসরাইল বিরোধী ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে। এসব বিক্ষোভ কঠোর হাতে দমন করছে ইহুদিবাদী সেনারা। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯