ফিলিস্তিনি অধ্যাপককে ইসরাইলের হাতে তুলে দিয়েছে আমেরিকা
-
আবদুল হালিম আল-আশকার
মার্কিন সরকার আবদুল হালিম আল-আশকার নামে ফিলিস্তিনের একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপককে ইহুদিবাদী ইসরাইলের হাতে তুলে দিয়েছে। এর আগে ১১ বছর তাকে মার্কিন কারাগারে আটক রাখা হয়।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের জন্য তহবিল সংগ্রহের অভিযোগে তাকে আটক করে আমেরিকা। ২০০৫ সালে এ অধ্যাপক ফিলিস্তিনের প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছিলেন। তিনি আমেরিকার হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক ছিলেন।
আবদুল হালিম আল-আশকারকে ইসরাইলের হাতে তুলে দেয়ার নিন্দা করেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তিনি বলেছেন, এ ঘটনা আন্তর্জাতিক রীতিনীতি ও আইনের পরিপন্থি।
ফিলিস্তিনের আন্তর্জাতিক সম্পর্ক পরিষদও আবদুল হালিম আল-আশকারকে হস্তান্তরের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। পরিষদ বলেছে, তার ভাগ্যের যেকোনো খারাপ পরিস্থিতির জন্য আমেরিকাকে সম্পূর্ণভাবে দায়ী থাকতে হবে। এছাড়া, আমরিকা যে ফিলিস্তিনের প্রতি শত্রুতা পোষণ করে ফিলিস্তিনের এ নেতাকে ইসরাইলের কাছে হস্তান্তরের মাধ্যমে তা আবারো পরিষ্কার হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৭