আরামাকোর তেল স্থাপনায় হামলার পেছনে ইয়েমেনিদের যুক্তি কী ছিল?
https://parstoday.ir/bn/news/west_asia-i75853-আরামাকোর_তেল_স্থাপনায়_হামলার_পেছনে_ইয়েমেনিদের_যুক্তি_কী_ছিল
সৌদি আরবের জাতীয় তেল কোম্পানি আরামকো'র দু'টি স্থাপনায় হামলায় ইরান জড়িত বলে দোষারোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। কিন্তু জাতিসংঘের পরিদর্শকরা জানিয়ে দিয়েছেন, তারা ইরানের জড়িত থাকার কোনো প্রমাণ পান নি। কিন্তু সেদিন আরামকোতে কীভাবে হামলা চালিয়েছিল ইয়েমেনের সংগ্রামীরা?
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১১, ২০১৯ ১৩:০০ Asia/Dhaka
  • হামলা পরবর্তী ছবি (ফাইল ফটো)
    হামলা পরবর্তী ছবি (ফাইল ফটো)

সৌদি আরবের জাতীয় তেল কোম্পানি আরামকো'র দু'টি স্থাপনায় হামলায় ইরান জড়িত বলে দোষারোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। কিন্তু জাতিসংঘের পরিদর্শকরা জানিয়ে দিয়েছেন, তারা ইরানের জড়িত থাকার কোনো প্রমাণ পান নি। কিন্তু সেদিন আরামকোতে কীভাবে হামলা চালিয়েছিল ইয়েমেনের সংগ্রামীরা?

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি নিজেই সেদিনের হামলা সম্পর্কে বলেছেন, সৌদি আরবের তেল স্থাপনায় ১০টি ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে। এটি ছিল সৌদি আরবের গভীরে সবচেয়ে বড় হামলা।

হামলার কারণ সম্পর্কে তিনি জানিয়েছেন, 'সৌদি আরব পাঁচ বছর ধরে আমাদের বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়ে আসছে। সৌদি আগ্রাসনের মোকাবেলায় পাল্টা আঘাত করার অধিকার আমাদের রয়েছে। আমরা সৌদি আরবকে সতর্ক করে দিয়ে বলছি আমাদের হামলা অব্যাহত থাকবে এবং নতুন নতুন স্থানে হামলা চালাব।' এ সময় তিনি ইয়েমেনে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান।

আরামকো'র তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে ইরান জড়িত রয়েছে বলে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ তোলার পর জাতিসংঘের পরিদর্শকদের সেখানো পাঠানো হয়। তদন্তের পর তারা সৌদি ও মার্কিন অভিযোগের কোনো প্রমাণ পান নি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন, আরামকোতে হামলায় ইরানের সম্পৃক্ততা অথবা নিরাপত্তা পরিষদের ইশতেহার লঙ্ঘন করে ইরানের পক্ষ থেকে অস্ত্র দেওয়ার বিষয়টি তারা প্রমাণ করতে পারেন নি।

গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের আরামকো কোম্পানির দু'টি তেল স্থাপনায় হামলা চালায় ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী। হামলার পরপরই তারা এর দায় স্বীকার করে জানায়, ১০টি ড্রোনের সাহায্যে একযোগে হামলা চালানো হয়েছে। কিন্তু এরপরও সৌদি আরব ও যুক্তরাষ্ট্র এ হামলায় ইরান জড়িত রয়েছে বলে অভিযোগ করে।#

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।