ইসরায়েল তেহরান-ওয়াশিংটন আলোচনার গতিপথে প্রভাব বিস্তারের চেষ্টা করছে
https://parstoday.ir/bn/news/world-i159650-ইসরায়েল_তেহরান_ওয়াশিংটন_আলোচনার_গতিপথে_প্রভাব_বিস্তারের_চেষ্টা_করছে
পার্সটুডে-হিব্রু ভাষার বিভিন্ন গণমাধ্যম আঞ্চলিক পরিস্থিতি নিয়ে প্রকাশিত একাধিক প্রতিবেদন ও বিশ্লেষণে জানিয়েছে, ইরান ও আমেরিকার মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে তেল আবিবের উদ্বেগ বেড়েছে এবং তারা কূটনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে।
(last modified 2026-05-24T15:10:02+00:00 )
মে ২৪, ২০২৬ ২১:০৬ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প (ডানে) এবং নেতানিয়াহু
    ডোনাল্ড ট্রাম্প (ডানে) এবং নেতানিয়াহু

পার্সটুডে-হিব্রু ভাষার বিভিন্ন গণমাধ্যম আঞ্চলিক পরিস্থিতি নিয়ে প্রকাশিত একাধিক প্রতিবেদন ও বিশ্লেষণে জানিয়েছে, ইরান ও আমেরিকার মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে তেল আবিবের উদ্বেগ বেড়েছে এবং তারা কূটনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে।

ইরনা'র উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানায়, ইসরায়েলি গণমাধ্যম মহলে এ আলোচনা চলছে যে, ইরান ও আমেরিকার মধ্যে সম্ভাব্য চুক্তি ইসরায়েলের ধারণার চেয়েও ব্যাপক প্রভাব ফেলতে পারে এবং তার প্রভাব লেবানন ইস্যুতেও পড়তে পারে।

ইসরায়েলি সাংবাদিক আমুস হারেল এক বিশ্লেষণে দাবি করেছেন, ইরানের বিষয়ে আমেরিকার নীতিতে ইসরায়েলের প্রভাব কমে গেছে এবং এই পরিস্থিতি তেল আবিবের জন্য ক্ষতিকর হতে পারে। তিনি আরও স্বীকার করেছেন, এমন কোনো প্রক্রিয়া বাস্তবায়িত হলে ইরান বর্তমানের তুলনায় আরও শক্তিশালী আঞ্চলিক অবস্থান নিয়ে বেরিয়ে আসবে।

অন্যদিকে, দ্য জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে উল্লেখ করেছে যে, যুদ্ধ ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে দুর্বল করতে পারে নি এবং তেহরান কৌশলগত পথসমূহ, বিশেষ করে হরমুজ প্রণালিতে, নিজেদের আঞ্চলিক অবস্থান আরও শক্তিশালী করতে সক্ষম হয়েছে।

এছাড়া ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান তীব্র সমালোচনা করে বেনিয়ামিন নেতানিয়াহু-কে রাজনৈতিক অদক্ষতার অভিযোগে অভিযুক্ত করেছেন এবং ইরানের সঙ্গে যে-কোনো সম্ভাব্য চুক্তিকে ইসরায়েলের স্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন।

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়, চ্যানেল-১২ জানিয়েছে যে, পাকিস্তানসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার পরোক্ষ আলোচনা ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। তারা বিশেষভাবে এমন একটি অস্থায়ী সমঝোতা নিয়ে উদ্বিগ্ন, যেখানে পারমাণবিক ইস্যুসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় পরবর্তী ধাপে ঠেলে দেওয়া হতে পারে।

এই গণমাধ্যম আরও জানিয়েছে, তেহরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত হওয়ার সম্ভাবনা এবং সম্ভাব্য সমঝোতার ফলে ইরানের অর্থনৈতিক সুবিধা অর্জনকে তেল আবিব একটি কৌশলগত হুমকি হিসেবে দেখছে।

একই প্রেক্ষাপটে, চ্যানেল-১৩ দাবি করেছে, ইসরায়েলকে কোনো কোনো আলোচনাপ্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছে এবং তথ্য সংগ্রহের জন্য তারা পরোক্ষ গোয়েন্দা সূত্রের ওপর নির্ভর করছে।#

পার্স টুডে/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।