ইরানের সঙ্গে সংঘাত আমেরিকার যুদ্ধযন্ত্রকে ক্লান্ত করে ফেলেছে: ফরাসি বিশেষজ্ঞ
https://parstoday.ir/bn/news/world-i162414-ইরানের_সঙ্গে_সংঘাত_আমেরিকার_যুদ্ধযন্ত্রকে_ক্লান্ত_করে_ফেলেছে_ফরাসি_বিশেষজ্ঞ
পার্সটুডে-ইরানের সঙ্গে সংঘাত মার্কিন সশস্ত্র বাহিনীর ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে এবং সংঘাতটি এক ধরনের অচলাবস্থায় পৌঁছেছে।
(last modified 2026-08-22T11:51:35+00:00 )
আগস্ট ২২, ২০২৬ ১৭:৪৭ Asia/Dhaka
  • আমেরিকার যুদ্ধযন্ত্র ক্লান্ত
    আমেরিকার যুদ্ধযন্ত্র ক্লান্ত

পার্সটুডে-ইরানের সঙ্গে সংঘাত মার্কিন সশস্ত্র বাহিনীর ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে এবং সংঘাতটি এক ধরনের অচলাবস্থায় পৌঁছেছে।

ফ্রান্সের লিল শহরের ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের গবেষক রশিদ শাকের মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরীর পরিস্থিতি বিশ্লেষণ প্রসঙ্গে এ কথা বলেন। রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালকে (RFI) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন: ৯ মাসের মিশন শেষে ইউএসএস আব্রাহাম লিংকনের পরিবর্তে ইউএসএস জর্জ ওয়াশিংটন মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, কোনো মার্কিন বিমানবাহী রণতরীর এত দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান গত ৩৫ বছরেরও বেশি সময়ের মধ্যে নজিরবিহীন। 

তিনি আব্রাহাম লিংকনের নাবিকদের জীবনযাত্রার কঠিন পরিস্থিতি-স্বাস্থ্যগত সমস্যা, খাবারে রেশনিং এবং নাবিকদের মধ্যে আত্মহত্যার প্রচেষ্টা বৃদ্ধির উদ্বেগজনক প্রতিবেদনকে মার্কিন সেনাদের ওপর চরম চাপের লক্ষণ হিসেবে উল্লেখ করেন। তার মতে, অতিরিক্ত ক্লান্তি এড়াতে বিমানবাহী রণতরী সাধারণত ছয় মাসের বেশি মোতায়েন না রাখার নীতি থাকলেও বর্তমানে তা উপেক্ষা করা হচ্ছে।

মার্কিন সেনাবাহিনী ক্লান্ত হয়ে পড়েছে কি না-এমন প্রশ্নের জবাবে শাকের বলেন, ইরানের সঙ্গে সংঘাত অচলাবস্থায় পৌঁছেছে এবং মার্কিন বাহিনী সরঞ্জামের ঘাটতি ও চরম ক্লান্তির মুখোমুখি হওয়ার প্রমাণ রয়েছে।

তিনি দীর্ঘমেয়াদে উচ্চমাত্রার সংঘাত চালিয়ে যাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়েও সংশয় প্রকাশ করেন। তার দাবি, ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের কৌশলগত দুর্বলতাগুলো স্পষ্ট হয়েছে। বর্তমানে ওয়াশিংটন ইন্টারসেপ্টর ও ক্ষেপণাস্ত্রের ঘাটতির মতো সমস্যার মুখোমুখি। এর ফলে চীনের মতো বড় কোনো শক্তির সঙ্গে সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্র কতটা দ্রুত ও কার্যকরভাবে বিপুল পরিমাণ সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করতে পারবে, তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।#

পার্সটুডে/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন