ক্রিস মারফি: ট্রাম্প বিপজ্জনকভাবে বিভ্রমে ভুগছেন
-
ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি
পার্সটুডে: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি বলেছেন, দেশের কৃষিখাত যখন দেউলিয়ার পথে, জ্বালানির দাম যখন চড়া এবং ইরান যখন আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী—তখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বিপজ্জনকভাবে বিভ্রমে’ ভুগছেন।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘অকারণ আগ্রাসনের’ ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মারফি লিখেছেন, ১৮ জন আমেরিকান নিহত হয়েছেন, মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে এবং দেশটির ক্ষেপণাস্ত্রের মজুত ভয়াবহভাবে কমে গেছে।
মারফি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কৃষিখাতে দেউলিয়াত্ব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সময়ে অনেক মার্কিন পরিবার জ্বালানির বাড়তি দাম পরিশোধ করতে হিমশিম খাচ্ছে। তিনি বলেন, এসব পরিস্থিতির মধ্যেই ইরান আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। অথচ মার্কিন প্রেসিডেন্ট এখনও বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে ‘বিপজ্জনক বিভ্রমে’ ভুগছেন।
এর আগেও ডেমোক্র্যাট এই সিনেটর ট্রাম্পের পররাষ্ট্রনীতি এবং ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধের তীব্র সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, এই যুদ্ধ শুরু থেকেই ‘জয় করা অসম্ভব’ ছিল এবং এর বিপর্যয়কর পরিণতি যতটা তুলে ধরা হোক, তা অতিরঞ্জিত হবে না। মারফি আরও স্বীকার করেছিলেন যে, ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে পরাজিত হয়েছেন এবং সামরিক সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে, যুক্তরাষ্ট্র দুর্বল হচ্ছে আর ইরান আরও শক্তিশালী হচ্ছে।
সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির এই সদস্য জোর দিয়ে বলেছিলেন, যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে। কারণ প্রতিটি অতিরিক্ত যুদ্ধের দিন যুক্তরাষ্ট্রকে আরও দুর্বল করছে, ইরানকে আরও শক্তিশালী করছে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষকে বাড়তি মূল্যস্ফীতি ও মূল্যবৃদ্ধির চাপে ফেলছে।#
পার্সটুডে/এমবিএ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।