ব্রিকসের রাজনৈতিক এজেন্ডার অগ্রাধিকার ইরান: মস্কো
-
রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ
পার্সটুডে-ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের প্রাক্কালে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের উত্তেজনা সৃষ্টি এবং উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি ব্রিকস সম্মেলনের সবচেয়ে জরুরি রাজনৈতিক ইস্যু।
পার্সটুডে আরও জানায়, দিল্লিতে ব্রিকস সম্মেলনের আগে রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াবকভ বলেন, ইরানের পরিস্থিতি এবং সামগ্রিকভাবে উপসাগরীয় অঞ্চলের অবস্থা ব্রিকস সদস্যদের জন্য সবচেয়ে জরুরি রাজনৈতিক বিষয়।
তিনি বলেন, সম্ভবত নেতাদের মধ্যে আলোচনার সময় এবং চূড়ান্ত ঘোষণার খসড়া তৈরির প্রক্রিয়ায় এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হবে। তবে বর্তমানে এর ফলাফল কী হবে, তা তিনি অনুমান করতে পারছেন না।
ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের আয়োজনে অনুষ্ঠিত হবে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা ব্রিকসের প্রতিষ্ঠাতা সদস্য। পরবর্তীতে মিশর, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া ও ইরান এতে যোগ দেয়।
এছাড়া ব্রিকসের সহযোগী সদস্য হিসেবে ৯টি অংশীদার দেশ রয়েছে। এর মধ্যে বলিভিয়া, কিউবা, বেলারুশ, মালয়েশিয়া, নাইজেরিয়া ও কাজাখস্তান উল্লেখযোগ্য।#
পার্সটুডে/এনএম/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।