ইয়েমেন যুদ্ধ উসকে দিচ্ছে ব্রিটেন: অক্সফাম
ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে জড়িত সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করায় ব্রিটেনের কঠোর সমালোচনা করেছে শীর্ষস্থানীয় ত্রাণ সংস্থা অক্সফাম। জেনেভায় অনুষ্ঠিত এক সম্মেলনে এ সমালোচনা করা হয়েছে।
অক্সফাম বলেছে, আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য চুক্তি লঙ্ঘন করছে ব্রিটেন। প্রচলিত অস্ত্র বিক্রির ক্ষেত্রে যেন আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘিত না হয় সে বিষয়টি নিশ্চিত করেছে এ চুক্তি।
অক্সফামের ব্রিটেন বিষয়ক উপ প্রধান পেনি লরেন্স বলেছেন, ব্রিটেনের অস্ত্র বিক্রি এবং সামরিক সমর্থন ইয়েমেনের বর্বরোচিত যুদ্ধকে উসকে দিচ্ছে। যে সব সাধারণ মানুষকে রক্ষার জন্য আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য চুক্তি প্রণয়ন করা হয়েছে সৌদি আরব পরিচালিত ইয়েমেন যুদ্ধে তারাই বেঘোরে প্রাণ হারাচ্ছে। এতে ব্রিটেনের আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট হতে যাচ্ছে। আর মানবাধিকার রক্ষায় ব্রিটেন যে সব প্রতিশ্রুতি দিচ্ছে তা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ না হয়ে কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকছে।
অস্ত্র নিয়ন্ত্রণ সচিবালয়ের হিসাব অনুযায়ী, গত বছর সৌদি আরবের কাছে ৪০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ব্রিটেন।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/২৫