'নানা দেশ-বিধ্বংসী চক্রান্তসহ মার্কিন নোংরামি ও অপরাধযজ্ঞ ক্রমেই বাড়ছে'
-
ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মুহাম্মাদ আলী মুওয়াহহেদি কেরমানি
ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মুহাম্মাদ আলী মুওয়াহহেদি কেরমানি বলেছেন, ইরানিরা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল হারে অংশ নিয়ে আবারও এটা প্রমাণ করবে যে ইসলামী এই রাষ্ট্র-ব্যবস্থার পেছনে জনগণের জোরালো সমর্থন রয়েছে।
তিনি আজ তেহরানের জুমা নামাজের খোতবায় এই মন্তব্য করেন।
ইরানের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা অর্জনের জন্য শত্রুদেরকে, বিশেষ করে মার্কিন সরকারকে ভয় না করা জরুরি বলে আয়াতুল্লাহ কেরমানি স্মরণ করিয়ে দেন।
তিনি সিরিয়ার হোমস প্রদেশে সাম্প্রতিক মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে বলেছেন, সিরিয়ায় মার্কিন হামলা ভুলে যাওয়ার মত বিষয় নয়।
আয়াতুল্লাহ কেরমানি বলেন, মার্কিন সরকারের নোংরা আচরণ ও অপরাধ তৎপরতা দিনকে দিন বাড়ছে এবং এই সরকার সব সময়ই নানা দেশকে দুর্বল করার চেষ্টা করছে যাতে ওই দেশগুলো ধ্বংস হয়ে যায়।
তিনি মার্কিন হুমকিগুলোর মোকাবেলায় ইরানের প্রতিরক্ষা শক্তি জোরদারের ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুদের হুমকিগুলোর মোকাবেলায় শক্তিমত্তা নিয়ে রুখে দাঁড়িয়েছে।
আয়াতুল্লাহ কেরমানি সৌদি শাসকগোষ্ঠীর সঙ্গে হজ বিষয়ে ইরানের সমঝোতা প্রসঙ্গে বলেছেন, ইরানি হাজিদের নিরাপত্তার ব্যাপারে সৌদি ওয়াদাগুলোর ওপর ভরসা করা ঠিক হবে না। মিনা বিপর্যয়ের ক্ষতগুলোর যন্ত্রণা এখনও উপশম হয়নি- এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন, নিরাপত্তা না থাকলে হজ করা ওয়াজিব নয়। #
পার্সটুডে/মু.আ.হুসাইন/২১