চীনের পাল্টা ব্যবস্থা: শূল্কের বোঝা চাপিয়েছে আমেরিকার ওপর
-
চীনে উৎপাদিত স্টিল পণ্য
১২৮ প্রকারের মার্কিন পণ্যের ওপর শতকরা ২৫ ভাগ শূল্ক আরোপ করেছে চীন। অ্যালুমিনিয়াম ও স্টিলের ওপর আমেরিকা বাড়তি শূল্ক আরোপের পর বেইজিং এ ব্যবস্থা নিল।
আমেরিকার কোন কোন পণ্যের ওপর বাড়তি শূল্ক আরোপ করা হয়েছে গতকাল (রোববার) তার একটি তালিকা প্রকাশ করেছে চীনা বাণিজ্য মন্ত্রণালয়। এসব পণ্যেল মধ্যে রয়েছে মদ, ফ্রোজেন পর্ক এবং নানা রকমের ফলসহ অন্যান্য পণ্য। আজ থেকে এ ব্যবস্থা কার্যকর হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়টি।
চীনা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মার্কিন পণ্যের জন্য আগে যেসব ছাড় দেয়া হতো, বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হিসেবে তা প্রত্যাহার করা চীনের বৈধ অধিকারের মধ্যে পড়ে। এর আগে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছিলেন, চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে মার্কিন সংরক্ষণবাদী নীতির কারণে আমেরিকাই বেশি ক্ষতিগ্রস্ত হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে, চীন থেকে আমদানি করা ছয় হাজার কোটি ডলারের পণ্যের ওপর বাড়তি শূল্ক বসানো হবে। এরপর ওয়াং ই বলেন, আমেরিকা থেকে আমদানি করা পণ্যের ওপর চীনও বাড়তি শূল্ক আরোপ করবে। ট্রাম্পের ঘোষণার পর থেকে চীন বলে আসছে, সম্ভাব্য বাণিজ্য-যুদ্ধে দুপক্ষের কেউই লাভবান হবে না।#