সিরিয়ায় হামলার পর তদন্ত অর্থহীন: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i55958-সিরিয়ায়_হামলার_পর_তদন্ত_অর্থহীন_রাশিয়া
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, সিরিয়ার ওপর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা ক্ষেপণাস্ত্র হামলার পর রাসায়নিক হামলা সম্পর্কে তদন্ত করা এখন সম্পূর্ণ অর্থহীন। কারণ আমেরিকা ও তার মিত্ররা রাসায়নিক হামলার জন্য এরইমধ্যে বিচার করে তার রায় কার্যকর করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৮, ২০১৮ ০৬:২২ Asia/Dhaka
  • বাশার আল-জাফারি (বামে) ও নেবেনজিয়া
    বাশার আল-জাফারি (বামে) ও নেবেনজিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, সিরিয়ার ওপর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা ক্ষেপণাস্ত্র হামলার পর রাসায়নিক হামলা সম্পর্কে তদন্ত করা এখন সম্পূর্ণ অর্থহীন। কারণ আমেরিকা ও তার মিত্ররা রাসায়নিক হামলার জন্য এরইমধ্যে বিচার করে তার রায় কার্যকর করেছে।

গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক বৈঠকে তিনি এসব কথা বলেছেন। নেবেনজিয়া বলেন, আমেরিকা ও তার মিত্ররা যখন ঠিক করেই ফেলেছে যে, সিরিয়ায় রাসায়নিক হামলার জন্য কে দোষী এবং দোষীকে শাস্তি দিয়েছে তখন রাসায়নিক হামলার জন্য নতুন করে দোষীকে আর খোঁজার কোনো যুক্তি নেই।

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন ক্ষেপণাস্ত্র হামলা

এদিকে, জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি জানিয়েছেন, এরইমধ্যে আন্তর্জাতিক তদন্ত দল দুমা শহরে প্রবেশ করেছে। সিরিয়ার দুমা শহরে রাসায়নিক হামলার অভিযোগে দেশটির ওপর গত শনিবার আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেন ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

সিরিয়ার সরকার দাবি করেছে, শত্রুদের ছোঁড়া ১০৩টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৭১টি ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে আমেরিকা বলেছে, সব ক্ষেপণাস্ত্র ঠিকমতো লক্ষ্যবস্তুত আঘাত হেনেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশনকে সফল বলে অভিহিত করেছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮