তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা: চীন ও রাশিয়ার প্রত্যাখ্যান
https://parstoday.ir/bn/news/world-i63366-তেহরানের_ওপর_মার্কিন_নিষেধাজ্ঞা_চীন_ও_রাশিয়ার_প্রত্যাখ্যান
ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা মেনে চলতে অস্বীকৃতি জানিয়েছে চীন এবং রাশিয়া।একইসঙ্গে তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে দেশ দু'টি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৮, ২০১৮ ১৩:৩৯ Asia/Dhaka
  • তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা: চীন ও রাশিয়ার প্রত্যাখ্যান

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা মেনে চলতে অস্বীকৃতি জানিয়েছে চীন এবং রাশিয়া।একইসঙ্গে তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে দেশ দু'টি।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ব্যবসা করলে পরিণাম ভোগ করতে হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দেয়ার পর চীন ও রাশিয়ার পক্ষ থেকে এ প্রতিক্রিয়া এলো।

তেহরানের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা পুনর্বহাল প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (বুধবার) এক বিবৃতিতে জানিয়েছে, "চীন সব সময় একতরফা নিষেধাজ্ঞার বিরোধীতা করে আসছে।" বেইজিংয়ের সুসঙ্গত অধিকার রক্ষা করা হবে বলে বিবৃতিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রণালয় আরো বলেছে, ইরানের সঙ্গে চীনের বাণিজ্যিক সহযোগিতার পথ খোলা রয়েছে এবং এ সহযোগিতা স্বচ্ছ, যৌক্তিক, আইনগত এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিয়ম নীতির মধ্যেই পরিচালিত হচ্ছে।    

এদিকে, ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের একতরফা নিষেধাজ্ঞা বাস্তবায়নে ‘গভীর হতাশা’ প্রকাশ করে রাশিয়া বলেছে, মস্কো অবশ্যই ইরানের পরমাণু সমঝোতা বাস্তাবয়ন করবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তেহরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা দেয়ার মাধ্যমে আমেরিকা জাতিসংঘের ২২৩১ নম্বর প্রস্তাব সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে এবং তাদের এ পদক্ষেপ আন্তর্জাতিক আইন বিরোধী।#

পার্সটুডে/বাবুল আখতার/৮