যতদিন প্রয়োজন ততদিন ভেনিজুয়েলায় সেনা রাখা হবে: রাশিয়া
-
মারিয়া জাখারোভা
রাশিয়া বলেছে, যতদিন প্রয়োজন ততদিন ভেনিজুয়েলায় সেনা রাখা হবে। ভেনিজুয়েলা থেকে রুশ সেনা সরিয়ে নিতে হবে বলে মার্কিন সরকারের পক্ষ থেকে জোর দাবি জানানোর পর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা একথা বললেন। ভেনিজুয়েলার চলমান রাজনৈতিক সংকটের মধ্যে রাশিয়া অন্তত ১০০ সেনা পাঠিয়েছে।
গত শনিবার রাশিয়ার বিমান বাহিনীর অ্যান্তোনভ-১২৪ কার্গো বিমান ও একটি ইলিউশিন আইএল-৬২ বিমানে করে ভেনিজুয়েলারর রাজধানী কারাকাসের কাছে দেশটির প্রধান বিমানবন্দরে রুশ সেনাদেরকে নেয়া হয়।
জাখারোভা জানান, ২০০১ সালে ভেনিজুয়েলার রসঙ্গে একটি চুক্তি অনুসারে দেশটিতে রুশ সেনা পাঠানো হয়েছে। সামরিক ও কৌশলগত সহযোগিতার জন্য দু দেশের মধ্যে ওই চুক্তি সই হয়েছিল।
সাম্প্রতিক মাসগুলোতে ভেনিজুয়েলায় মারাত্মক রাজনৈতিক সংকট চলছে। দেশটির বিরেধী নেতা হুয়ান গুয়াইডো নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করলে তা আরো জটিল আকার ধারণ করে। আমেরিকা গুয়াইডোকে সমর্থন দিয়ে আসছে।#
পার্সটুডে/এসআইবি/এআর/২৯