গুয়াইদোর দায়মুক্তি প্রত্যাহারের আহ্বান জানাল ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট
-
কারাকাসে গতকাল এক সমাবেশে বক্তৃতা করেন হুয়ান গুয়াইদো
ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদো’র সংসদীয় দায়মুক্তি প্রত্যাহারের জন্য সেদেশের পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছে। বর্তমান পার্লামেন্টের সদস্য গুয়াইদো’র দায়মুক্তি প্রত্যাহার করা হলে তাকে আটক করার পথ সুগম হবে।
ভেনিজুয়েলার পার্লামেন্টের বেশিরভাগ সদস্য প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো’র সমর্থক হওয়ার কারণে সুপ্রিম কোর্টের আহ্বানের প্রতি পার্লামেন্ট ইতিবাচক সাড়া দেবে বলে ব্যাপকভাবে ধারনা করা হচ্ছে।
সুপ্রিম কোর্ট সোমবারের রায়ে বলেছে, গুয়াইদো’র বিদেশ সফরের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা লঙ্ঘন করার কারণে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। কয়েক সপ্তাহ আগে আদালতের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে গুয়াইদো কলম্বিয়াসহ ল্যাতিন আমেরিকার কয়েকটি দেশ সফর করেন।
ভেনিজুয়েলার এটর্নি জেনারেলের কার্যালয় বলেছে, গুয়াইদোর বিদেশ সফরের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। তবে তার বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ গঠন বা গ্রেফতারি পরোয়ান জারি হয়নি।
মার্কিন সরকার মাদুরো সরকারকে এই বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে, গুয়াইদো আটক হলে কিংবা তার কোনো ক্ষতি হলে কারাকাসকে ‘কঠিন পরিস্থিতি’র সম্মুখীন হতে হবে।
গুয়াইদো গত ফেব্রুয়ারি মাসে আইন লঙ্ঘন করে নিজেকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ঘোষণা করেন। আমেরিকাসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ গুয়াইদোকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।
এদিকে নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি চীন, রাশিয়া ও ইরানসহ আরো কিছু দেশ সমর্থন ঘোষণা করেছে। মাদুরো ক্ষমতা ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/আশরাফুর রহমান/২