ভেনিজুয়েলায় আর কখনোই ঢুকতে পারবে না মার্কিন সেনা: মাদুরো
-
নিকোলাস মাদুরো
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, ভেনিজুয়েলার মাটিতে আর কোনো দিন মার্কিন সেনাদের ঢুকতে দেওয়া হবে না। আমেরিকার সঙ্গে ভেনিজুয়েলার সামরিক সহযোগিতা বন্ধের ১৪তম বার্ষিকী উপলক্ষে গতকাল (বুধবার) তিনি এ কথা বলেছেন।
মাদুরো বলেন, ১৪ বছর আগে জনপ্রিয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ জাতীয় সার্বভৌমত্ব নিশ্চিত করার লক্ষ্যে সামরিক ক্ষেত্রে মার্কিন হস্তক্ষেপের সুযোগ বন্ধ করে দেন।
তিনি ২০০৫ সালের ২৪ এপ্রিল ভেনিজুয়েলার সামরিক ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনাদের বহিষ্কারের নির্দেশ জারি করেন। এর কারণ হিসেবে তিনি বলেন, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুনিশ্চিত করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
হুগো চ্যাভেজের ওই নির্দেশের ফলে আমেরিকায় ভেনিজুয়েলার সেনাবাহিনীর সদস্যদের সামরিক প্রশিক্ষণ গ্রহণের পরিকল্পনাও বাতিল হয়ে যায়।
সম্প্রতি মার্কিন সরকার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে সরকারবিরোধী নেতা হুয়ান গুয়াইদো'র সর্বাত্মক সমর্থন ঘোষণা করেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫