ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল আমেরিকা
-
ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা
ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার বৈধ সরকারের ওপর চাপ সৃষ্টির অংশ হিসেবে মার্কিন অর্থ মন্ত্রণালয় এ পদক্ষেপ নিয়েছে।
গতকাল (শুক্রবার) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ বিষয়ে ঘোষণা দেয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি সিনিয়র বিচারক কার্লো পাডিলার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ভেনিজুয়েলার চলমান সংকটে তার ভূমিকা রয়েছে বলে অভিযোগ এনেছে আমেরিকা।
মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচিন দাবি করেন, মাদুরো সরকারের পক্ষে যেসব ব্যক্তি কূটনীতি ও বিচারকাজ পরিচালনা করবে তাদেরকেসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া অব্যাহত রাখবে ওয়াশিংটন। নুচিন বলেন, নিষেধাজ্ঞার আওতায় আনা দুই কর্মকর্তার পরোক্ষ ও প্রত্যক্ষ সম্পদ আটক করা হবে।
এর আগেও ভেনিজুয়েলার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। দেশটির চলমান সংকটে বিরোধী নেতা হুয়ান গুয়াইদোর পক্ষে অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন।#
পার্সটুডে/এসআইবি/২৭