আমেরিকার সম্ভাব্য আগ্রাসনের মোকাবিলায় প্রস্তুত থাকুন: প্রেসিডেন্ট মাদুরো
-
সেনা সমাবেশে ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট মাদুরো (ফাইল ছবি)
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট তার সরকারের প্রতি আনুগত্যের শপথ পুনর্ব্যক্ত করার জন্য সেদেশের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন। তিনি আজ এক টুইটার বার্তায় সাম্প্রতিক সেনা অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাত করে তার সরকারের প্রতি আনুগত্য বজায় রাখার জন্য সেনাবাহিনীর প্রশংসা করেন।
নিজের অফিসিয়াল টুইটার পেইজে প্রেসিডেন্ট মাদুরো লেখেন, “আমাদের দেশ দুর্বল বা অসহায় নয়। আমাদের রয়েছে এমন একটি সেনাবাহিনী যে কিনা দেশ রক্ষা ও শান্তি বজায় রাখতে সক্ষম। এই সেনাবাহিনী সব সময় বিশ্বস্ত ভূমিকা পালন করে এবং কখনোই বিশ্বাসঘাতক হয় না।
প্রেসিডেন্ট মাদুরো আরেক বার্তায় বলেন, ভেনিজুয়েলার সেনাবাহিনী দেশের জনগণ, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সংবিধান রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সম্ভাব্য মার্কিন আগ্রাসনের মোকাবিলায় সদা প্রস্তুত থাকার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এমন সময় এসব বক্তব্য দিলেন যখন বিরোধী নেতা হুয়ান গুয়াইদো নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান করার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। সম্প্রতি মুষ্টিমেয় কিছু সেনা সদস্যকে দিয়ে অভুত্থান করার যে প্রচেষ্টা গুয়াইদো করেছিলেন তা দেশটির সেনাবাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ব্যর্থ হয়ে যায়। ওই অভ্যুত্থান প্রচেষ্টার প্রতি মার্কিন সরকার সমর্থন জানিয়েছিল।#
পার্সটুডে/ মো.মুজাহিদুল ইসলাম/৬