ভেনেজুয়েলায় ভূমিকম্প; নিহতের সংখ্যা বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার
https://parstoday.ir/bn/news/event-i160722-ভেনেজুয়েলায়_ভূমিকম্প_নিহতের_সংখ্যা_বেড়ে_১৬৪_আহত_প্রায়_এক_হাজার
পার্সটুডে: ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পের পর নিহতের সংখ্যা অন্তত ১৬৪ জনে পৌঁছেছে এবং আরও ৯৭১ জন আহত হয়েছেন বলে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন।
(last modified 2026-06-25T13:10:56+00:00 )
জুন ২৫, ২০২৬ ১৮:৫১ Asia/Dhaka
  • ভেনেজুয়েলায় ভূমিকম্প, নিহতের সংখ্যা বেড়ে ১৬৪
    ভেনেজুয়েলায় ভূমিকম্প, নিহতের সংখ্যা বেড়ে ১৬৪

পার্সটুডে: ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পের পর নিহতের সংখ্যা অন্তত ১৬৪ জনে পৌঁছেছে এবং আরও ৯৭১ জন আহত হয়েছেন বলে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন।

বুধবার রাতে (স্থানীয় সময়) সংঘটিত ৭.২ ও ৭.৫ মাত্রার এই দুটি ভূমিকম্পের পর উদ্ধার ও অনুসন্ধান অভিযান এখনও অব্যাহত রয়েছে। হতাহতের সংখ্যা ক্রমেই বাড়বে বলে জোরালো আশঙ্কা করা হচ্ছে। 

এগুলো ছিল গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর কম্পন সমগ্র অঞ্চলে অনুভূত হয় এবং ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় ১,৭০০ কিলোমিটার দূরে ব্রাজিলের আমাজন অঞ্চলের বিভিন্ন স্থাপনাও খালি করে দিতে হয়েছে।

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দিলসি রদ্রিগেজ (Delcy Rodríguez) জানিয়েছেন, নিহতের সংখ্যা কমপক্ষে ১৬৪ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন ৯৭১ জন। তিনি আরও বলেছেন, জাতিসংঘের ত্রাণকর্মীরা ভেনেজুয়েলার উদ্দেশে রওনা হয়েছেন।

রদ্রিগেজ বলেছেন, সরকার দেশের অন্যান্য অঞ্চল থেকে উদ্ধারকারী দলগুলোকে রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় এলাকা লা গোয়াইরায় পাঠাচ্ছে। তিনি জানান, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া সম্ভাব্য জীবিতদের উদ্ধারে বৃহস্পতিবার দিনের আলোকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা চলছে।

তিনি আরও বলেছেন, “সেখানে কয়েক ডজন ভবন ধসে পড়েছে এবং বর্তমানে মানুষকে বাঁচানোর জন্য ব্যাপক উদ্ধার অভিযান চালানো হচ্ছে।”

গত রাতে জাতির উদ্দেশে ভাষণে জরুরি অবস্থা ঘোষণা করা প্রেসিডেন্ট আজ বেসরকারি খাতকেও উদ্ধারকাজে ভারী নির্মাণযন্ত্র সরবরাহ করার আহ্বান জানান।

রদ্রিগেজের মতে, রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কে ব্যাঘাত বা বিচ্ছিন্নতা দেখা দিয়েছে। ভূমিকম্পে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর তথা সাইমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও জানান, কারাকাসে মেট্রো সেবা বন্ধ রয়েছে এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহও স্থগিত করা হয়েছে। কয়েক দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস বন্ধ থাকবে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিছু স্কুলকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও ত্রাণ সংগ্রহ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।

মোবাইল নেটওয়ার্কে বিঘ্নের কারণে বহু পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে, বিশেষ করে সেই ৭.৭ মিলিয়নের বেশি ভেনেজুয়েলীয়দের পরিবার যারা দেশের সংকটকালে বিদেশে চলে গিয়েছিলেন এবং বর্তমানে দেশের ভেতরে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে সমস্যায় পড়ছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সার্ভের তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি  ছিল ৭.২ মাত্রার এবং এটি ক্যারিবীয় উপকূলে অবস্থিত মোরোন (Morón) শহরের পশ্চিমে, কারাকাস থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২২ কিলোমিটার গভীরে।

মাত্র এক মিনিট পর দ্বিতীয় ভূমিকম্পটি ৭.৫ মাত্রায় আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল মোরোন শহরের দক্ষিণ-পশ্চিমে ১৬ কিলোমিটার দূরে এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এ পর্যন্ত ইসলামী ইরানসহ অনেক দেশ সমবেদনা জানিয়ে সহায়তার প্রস্তাব দিয়েছে। রদ্রিগেজ জানান, ইকুয়েডর মানবিক সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছে এবং Mexico, Qatar ও El Salvador উদ্ধারকারী দল পাঠিয়েছে মেক্সিকো, কাতার ও এলসালভেদর। এছাড়া ভেনেজুয়েলার বৈধ মাদুরো সরকারকে আগ্রাসনের মাধ্যমে অপহরণে ও দেশটির তেল-সম্পদ লুণ্ঠনে নিমগ্ন মার্কিন সরকারও সহায়তা প্রদানের প্রস্তুতির কথা জানিয়েছে। #
 

পার্স টুডে/এমএএইচ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।