যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ পুনর্গঠনে কয়েক বছর সময় লাগবে: ক্রিস্টোফার লিওনার্ড
https://parstoday.ir/bn/news/world-i163660-যুক্তরাষ্ট্রের_ক্ষেপণাস্ত্রের_মজুদ_পুনর্গঠনে_কয়েক_বছর_সময়_লাগবে_ক্রিস্টোফার_লিওনার্ড
পার্সটুডে-মার্কিন অস্ত্রশিল্পবিষয়ক সাংবাদিক ক্রিস্টোফার লিওনার্ড বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের সময় যুক্তরাষ্ট্র অত্যন্ত দ্রুতগতিতে তার ক্ষেপণাস্ত্রের মজুদ ব্যবহার করেছে। এসব মজুদ পুনরায় পূরণ করতে দেশটির কয়েক বছর সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।
(last modified 2026-10-04T14:49:06+00:00 )
অক্টোবর ০৪, ২০২৬ ২০:৪৫ Asia/Dhaka
  • যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র সংকট
    যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র সংকট

পার্সটুডে-মার্কিন অস্ত্রশিল্পবিষয়ক সাংবাদিক ক্রিস্টোফার লিওনার্ড বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের সময় যুক্তরাষ্ট্র অত্যন্ত দ্রুতগতিতে তার ক্ষেপণাস্ত্রের মজুদ ব্যবহার করেছে। এসব মজুদ পুনরায় পূরণ করতে দেশটির কয়েক বছর সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা'র প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফাইট’ নামের একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে লিওনার্ড বলেন, তিনি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদকে একটি সঞ্চয় বা রিজার্ভ অ্যাকাউন্ট হিসেবে দেখেন। এটি দেশের ভেতরে ও বাইরে যুক্তরাষ্ট্রের শক্তির ভিত্তি এবং মিত্রদের সহায়তার অন্যতম অবলম্বন।

তিনি বলেন, মার্কিন প্রতিরক্ষা দপ্তর-পেন্টাগন-সাম্প্রতিক বছরগুলোতে বুঝতে পেরেছিল যে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের মজুদ অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে এই মজুদ অত্যন্ত দ্রুত হ্রাস পেয়েছে এবং বর্তমানে এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র একটি সংকটের মুখোমুখি।

লিওনার্ডের দাবি, মধ্যপ্রাচ্যের সংঘাতে যুক্তরাষ্ট্র থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মোট ইন্টারসেপ্টর মজুদের ৫০ থেকে ৮০ শতাংশ ব্যবহার করেছে। একইসঙ্গে কয়েক দশকে তৈরি করা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ৫০ থেকে ৬৭ শতাংশও এসব সংঘাতে ব্যবহার করা হয়েছে।

তিনি আরও বলেন, আক্রমণাত্মক টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রায় ৫০ শতাংশ মজুদও মধ্যপ্রাচ্যের সংঘাতের সময় ব্যবহার করা হয়েছে।

লিওনার্ডের মতে, যুক্তরাষ্ট্রকে এসব মজুদ পুনর্গঠন করতে কয়েক বছর সময় লাগবে। এরপরই দেশটি আবার বড় কোনো হুমকির মোকাবিলায় স্বস্তিদায়ক অবস্থানে ফিরতে পারবে।

তিনি বলেন, এই পরিস্থিতি ওয়াশিংটনের মিত্রদের জন্যও সমস্যা তৈরি করেছে। ইউরোপ, উপসাগরীয় অঞ্চল ও এশিয়ার যুক্তরাষ্ট্রের মিত্রদের মার্কিন ক্ষেপণাস্ত্র পাওয়ার জন্য চার, পাঁচ এমনকি ছয় বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

লিওনার্ডের ভাষায়, যুক্তরাষ্ট্র নিজেই এমন একটি গর্তে পড়েছে, যেখান থেকে বের হতে কয়েক বছর সময় লাগবে।#

পার্সটুডে/এনএম/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।