আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত: ইরানি সেনাবাহিনীর মুখপাত্র
-
• ইসলামিক প্রজাতন্ত্র ইরান সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি নিয়া,
পার্সটুডে- ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জোর দিয়ে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী পরিস্থিতি ও হুমকিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন: আমরা ক্রমাগত আমাদের সক্ষমতা বৃদ্ধি করছি এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।
ইরনা-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি নিয়া, শনিবার এক বক্তৃতায় বর্তমান যুদ্ধে শত্রুর হিসাবনিকাশ সম্পর্কে বলেন: শত্রু ভুল করে ভেবেছিল যে তারা কয়েক দিনের মধ্যে ইরানি সশস্ত্র বাহিনীর সক্ষমতা ধ্বংস করে তাদের লক্ষ্য অর্জন করতে পারবে; কিন্তু সশস্ত্র বাহিনীর প্রতিরোধ এবং ইরানি জাতির দৃঢ়তা এই সমস্ত হিসাবনিকাশ ভেস্তে দিয়েছে।
ইরানি সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন: শত্রুর লক্ষ্য শুধু পারমাণবিক, ক্ষেপণাস্ত্র এবং প্রতিরোধমূলক বিষয়েই সীমাবদ্ধ ছিল না; তারা উচ্চতর লক্ষ্য অনুসরণ করেছিল এবং তাদের কর্মসূচিতে ইসলামী প্রজাতন্ত্রের শাসনের পতন ও ইরানকে খণ্ড-বিখণ্ড করার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল, কিন্তু তারা এই লক্ষ্যগুলোর কোনোটিই অর্জন করতে ব্যর্থ হয়েছে।
তিনি শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে ইরানি সশস্ত্র বাহিনীর বিশ্বাস ও প্রেরণাকে অপরিহার্য উপাদান হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীকে যা যুদ্ধক্ষেত্রে টিকিয়ে রেখেছিল তা কেবল সরঞ্জাম ও সুযোগ-সুবিধাই ছিল না; বরং ছিল বিশ্বাস, প্রেরণা, প্রতিরোধের চেতনা এবং দেশকে রক্ষা করার ব্যবস্থা।
ব্রিগেডিয়ার জেনারেল আকরামিনিয়া উল্লেখ করেছেন: ইরানি জাতি সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে এবং চত্বর ও রাত্রিকালীন সমাবেশে জনগণের উপস্থিতি, জাতীয় ঐক্য ও সংহতি প্রদর্শনের পাশাপাশি, যোদ্ধাদের মনোবলকে শক্তিশালী করেছে এবং দেশ রক্ষায় তাদের অঙ্গীকার ও দায়িত্ববোধ বৃদ্ধি করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন: একদিকে, মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে নতুন ও অশুভ কর্মকাণ্ড চালানোর জন্য ইসরায়েলের চাপের মধ্যে আছেন এবং অন্যদিকে, তিনি ইরানের সাথে যুদ্ধের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরের জনগণের বিরোধিতার সম্মুখীন হচ্ছেন; এই সমস্ত পরিস্থিতি মার্কিন সরকারের জন্য সিদ্ধান্ত গ্রহণের পরিবেশকে জটিল ও কঠিন করে তুলেছে।#
পার্সটুডে/এমআরএইচ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।