বিদ্যুৎ বিপর্যয়েও আমেরিকার হাত, তবু মাথানত নয়: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i72255-বিদ্যুৎ_বিপর্যয়েও_আমেরিকার_হাত_তবু_মাথানত_নয়_ভেনিজুয়েলার_প্রেসিডেন্ট
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, সারাদেশে বিদ্যুৎ বিপর্যয়ের  পেছনে রয়েছে আমেরিকা, তবে তার দেশ মার্কিন আধিপত্যবাদের কাছে কখনোই মাথানত করবে না। তিনি এক টুইটার বার্তায় এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৫, ২০১৯ ১২:৫০ Asia/Dhaka
  • মাদুরো
    মাদুরো

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, সারাদেশে বিদ্যুৎ বিপর্যয়ের  পেছনে রয়েছে আমেরিকা, তবে তার দেশ মার্কিন আধিপত্যবাদের কাছে কখনোই মাথানত করবে না। তিনি এক টুইটার বার্তায় এ কথা বলেছেন।

মাদুরো বলেন, আমেরিকার নির্দেশে সরকারবিরোধীরা দেশজুড়ে বিদ্যুৎ সংকট তৈরি করেছে। কিন্তু তারা এসবের মাধ্যমে অশুভ লক্ষ্য বাস্তবায়ন করতে পারবে না। ভেনিজুয়েলা সব সমস্যা মোকাবেলা করে চূড়ান্ত বিজয় অর্জন করবে বলে তিনি জানান।  

তিনি বলেন, ভেনিজুয়েলার মানুষ দুই শতক ধরে সাম্রাজ্যবাদ, দাস প্রথা ও বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এখনো সব ধরনের সাম্রাজ্যবাদের মোকাবেলা করছে। সামরিক অভ্যুত্থানসহ নানা অসৎ উপায় অবলম্বন করে ব্যর্থ হওয়ার পর এখন বিদ্যুৎ বিপর্যয়ের মাধ্যমে সরকারের পতন ঘটানোর ষড়যন্ত্র চলছে বলে তিনি মনে করেন।

ভেনিজুয়েলার সংসদের স্পিকার দিয়োসদাদু কেবেলো এ প্রসঙ্গে বলেছেন, ভেনিজুয়েলার সরকার বিরোধীদের দিয়ে বিদ্যুৎ খাতে বিপর্যয় সৃষ্টি করেছিল আমেরিকা। তবে তাদের মোকাবেলায় আমাদের সরকার ও জনগণের বিজয় হবেই।

গত সোমবারেও ভেনিজুয়েলার রাজধানী কারাকাসসহ ২৩টি প্রদেশে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এর ফলে প্রায় পুরো দেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।  

চলতি ২০১৯ সালের শুরু থেকেই রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে নানা সমস্যা মোকাবেলা করে আসছে ভেনিজুয়েলার মাদুরো সরকার।  আমেরিকা ও তার মিত্রদেশগুলো ভেনিজুয়েলার নির্বাচিত সরকারকে উৎখাত  করতেই এ ধরনের সংকট চাপিয়ে দিচ্ছে বলে এর আগে প্রেসিডেন্ট মাদুরো জানিয়েছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।