সেই পরমাণু ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল চীন
https://parstoday.ir/bn/news/world-i74120-সেই_পরমাণু_ক্ষেপণাস্ত্র_প্রদর্শন_করল_চীন
চীনের কমিউনিস্ট পার্টির ক্ষমতাগ্রহণের ৭০তম বার্ষিকী উপলক্ষে দেশটির ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এতে ডংফেং-৪১ নামের বিশাল পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রসহ নানা ধরনের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০১, ২০১৯ ১১:১৯ Asia/Dhaka
  • ডংফেং-৪১ ক্ষেপণাস্ত্র যা ৩০ মিনিটে পৌঁছাবে আমেরিকার মূল ভূখণ্ডে
    ডংফেং-৪১ ক্ষেপণাস্ত্র যা ৩০ মিনিটে পৌঁছাবে আমেরিকার মূল ভূখণ্ডে

চীনের কমিউনিস্ট পার্টির ক্ষমতাগ্রহণের ৭০তম বার্ষিকী উপলক্ষে দেশটির ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এতে ডংফেং-৪১ নামের বিশাল পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রসহ নানা ধরনের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রাজধানী বেইজিংয়ের তিয়ানয়ানমেন স্কয়ারে অনুষ্ঠিত কুচকাওয়াজে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন। ১৯৪৯ সালের এ দিনে চীনা কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসে।

চীনা নতুন প্রযুক্তির ড্রোন

আজকের কুচকাওয়াজের প্রধান আকর্ষণ ছিল ডংফেং-৪১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই প্রথম এটি জনসম্মুখে দেখানো হলো। ক্ষেপণাস্ত্রটি একই সঙ্গে দশটি পরমাণু ওয়ারহেড বহন করতে পারে এবং একইসঙ্গে দশটি লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। ডংফেং-৪১ মাত্র ৩০ মিনিটের মধ্যে থেকে আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। এ ক্ষেপণাস্ত্র প্রতি ঘন্টায় ৭,৬০০ মাইল বেগে চলতে পারে।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

ডংফেং-৪১ ক্ষেপণাস্ত্রের পাল্লা ১৫ হাজার কিলোমিটার এবং বলা হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র। এ ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে ২৫ গুণ বেশি। চীনা ডংফেং শব্দের অর্থ হচ্ছে পূবালী বাতাস বা পূবের হাওয়া।

ডংফেং-৪১ ক্ষেপণাস্ত্র

আজকের কুচকাওয়াজে চীনের ১৫ হাজার সেনা, ১৬০টির বেশি বিমান এবং ৫৬৮টি সামরিক সরঞ্জাম অংশ নেয়। কুচকাওয়াজে সুপারসনিক ড্রোন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং রোবট চালিত সাবমেরিন দেখানো হয়েছে।

ডেংফেং-১৭ ক্ষেপণাস্ত্র

তবে ডংফেং-৪১ ক্ষেপণাস্ত্রের উপস্থিতি সমস্ত সবকিছুকে ছাপিয়ে যায়। ডংফেং-৪১ ক্ষেপণাস্ত্রের আগে চীন ডংফেং-৩১ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যার পাল্লা ১১ হাজার ২০০ কিলোমিটার এবং এটিও আমেরিকায় আঘাত হানতে সক্ষম।#

পার্সটুডে/এসআইবি/১