ইরানকে পরমাণু সমঝোতা বাস্তবায়নে ফিরে যাওয়ার আহ্বান জানাল ইউরোপ
https://parstoday.ir/bn/news/world-i76487-ইরানকে_পরমাণু_সমঝোতা_বাস্তবায়নে_ফিরে_যাওয়ার_আহ্বান_জানাল_ইউরোপ
তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি মার্কিন নীতির সঙ্গে তাল মিলিয়ে ইরানকে পরমাণু সমঝোতার ধারাগুলো বাস্তবায়নের দিকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন আজ (সোমবার) এক যৌথ বিবৃতিতে ওই আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৬, ২০২০ ১২:৫৮ Asia/Dhaka
  • বরিস জনসন, অ্যাঙ্গেলা মার্কেল ও ইমানুয়েল ম্যাকরন
    বরিস জনসন, অ্যাঙ্গেলা মার্কেল ও ইমানুয়েল ম্যাকরন

তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি মার্কিন নীতির সঙ্গে তাল মিলিয়ে ইরানকে পরমাণু সমঝোতার ধারাগুলো বাস্তবায়নের দিকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন আজ (সোমবার) এক যৌথ বিবৃতিতে ওই আহ্বান জানিয়েছেন।

আমেরিকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া এবং ইউরোপের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিয়েও এ সমঝোতা বাস্তবায়ন না করার পর ইরান গতরাতে পরমাণু সমঝোতার ধারা বাস্তবায়ন স্থগিত রাখার পঞ্চম ও শেষ দফা পদক্ষেপ নেয়ার কথা ঘোষণা করে। একইসঙ্গে ইউরোপীয় নেতারা আমেরিকার হাতে ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ইরান যেন প্রতিশোধমূলক কোনো তৎপরতা না চালায়।

ইরানের একটি পরমাণু স্থাপনায় বসানো অগণিত সেন্ট্রিফিউজ (ফাইল ছবি)

ইরান পরমাণু কর্মসূচির ব্যাপারে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা বা জেসিপিও-তে আরোপ করা আর কোনো সীমাবদ্ধতা মানবে না বলে গতকাল (রোববার) সুস্পষ্টভাবে ঘোষণা দেয়।  এ সিদ্ধান্তের আলোকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ধাপ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য সেন্ট্রিফিউজসহ যে সব উপায়-উপকরণ লাগে সে ব্যাপারেও ইরান কোন সীমাবদ্ধতা মানে না।

ইরান সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, পরমাণু সমঝোতার ধারা বাস্তবায়ন স্থগিত করার ক্ষেত্রে ইরান পঞ্চম ধাপের পদক্ষেপ নিল এবং পরমাণু সমঝোতার আওতায় এসব কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে ইরানের কোনো সীমাবদ্ধতা মানবে না।

এ বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরানের ওপর থেকে যদি নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয় এবং পরমাণু সমঝোতা যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হয় তাহলে ইরান তার এইসব সিদ্ধান্ত পরিবর্তন করবে।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।