মার্কিন অর্থনীতির সামনে ‘আতঙ্কের ভূত’—বেসেন্টের পোস্ট শেয়ার করে কলিবফের ব্যঙ্গ
-
মোহাম্মদ বাকের কলিবফের এক্স পোস্ট
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের একটি পোস্ট শেয়ার করে মার্কিন অর্থনীতির বিভিন্ন সূচক নিয়ে ব্যঙ্গাত্মক বার্তা দিয়েছেন।
বেসেন্ট তাঁর পোস্টে দাবি করেন, "ইরানের বিরুদ্ধে মার্কিন ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ অর্থনৈতিক চাপ প্রয়োগে ফল দিচ্ছে। তাঁর দাবি, ইরানি মুদ্রা রিয়াল রেকর্ড পর্যায়ে নেমে গেছে, সেপ্টেম্বর মাসে ইরান কোনো অপরিশোধিত তেল ট্যাংকারে তুলতে পারেনি এবং দেশটি ইতিহাসের অন্যতম কঠিন সময় পার করছে।"
বেসেন্ট আরও বলেন, ইরানের ওপর এই অর্থনৈতিক চাপ অব্যাহত থাকবে এবং ইরানকে ‘সন্ত্রাসে অর্থায়ন’ ও পারমাণবিক অস্ত্র তৈরিতে সম্পদ ব্যবহারের সুযোগ দেওয়া হবে না—এমনটাই দাবি করেছে মার্কিন প্রশাসন।
এর জবাবে কলিবফ বেসেন্টের পোস্টটি শেয়ার করে “Boo! Are you ready?” অর্থাৎ “ভয় পেলেন? প্রস্তুত তো?”—এই বার্তা দেন। সঙ্গে তিনি একটি ব্যঙ্গাত্মক মিম প্রকাশ করেন।
মিমটিতে তেলের দাম, ডিজেলের দাম, ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের সুদ, জাঙ্ক বন্ডের স্প্রেড, ভোক্তা আস্থা, আবাসন কেনার সক্ষমতা এবং অন্যান্য অর্থনৈতিক সূচকের রেখাগুলো একত্র করে একটি ভূতের আকৃতি তৈরি করা হয়েছে।
কলিবফের বার্তার ইঙ্গিত হলো—ইরানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বেসেন্ট যখন চাপের কথা বলছেন, তখন মার্কিন অর্থনীতির সামনেও বিভিন্ন অর্থনৈতিক সূচক নিয়ে উদ্বেগ রয়েছে। তাঁর মিমটি মূলত বেসেন্টের বক্তব্যের ব্যঙ্গাত্মক পাল্টা জবাব হিসেবে প্রকাশ করা হয়েছে।#
পার্সটুডে/এমএআর/৭