ইরান ও পাকিস্তানের প্রতিনিধিদের বৈঠক; আলোচনা ছিল গঠনমূলক
-
ইরান ও পাকিস্তানের প্রতিনিধিদের বৈঠক
পার্সটুডে- রাশিয়ায় আফগানিস্তানবিষয়ক বৈঠকের ফাঁকে পাকিস্তানের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ও দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক বৈঠক করেছেন। এ সময় তারা অঞ্চলটির চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ও দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক মোহাম্মদ রেজা বাহরামি মস্কোতে ফরমেট বৈঠকে পাকিস্তানের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি সাদিক খানের সঙ্গে সাক্ষাৎ করেন।
ইরানি প্রতিনিধি বলেন, মস্কো ফরম্যাটের বৈঠক শুরুর আগে সাদিক খান ও তার প্রতিনিধিদলের সঙ্গে অঞ্চলটির চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় এবং বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক আলোচনা হয়েছে।
গত তিন বছরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার বিরোধ ও উত্তেজনা ব্যাপকভাবে গভীর হয়েছে। এ পরিস্থিতির প্রভাব মস্কো ফরম্যাটের সদস্যদের বৈঠকেও পড়েছে। এ অবস্থায় দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা কমাতে সহযোগিতার জন্য ইরান তার প্রস্তুতির কথা জানিয়েছে।
‘মস্কো ফরম্যাট’ হলো আফগানিস্তানের পরিস্থিতি ও দেশটির শান্তি প্রক্রিয়া নিয়ে আঞ্চলিক পরামর্শের একটি কাঠামো। রাশিয়ার উদ্যোগে ২০১৭ সালে এই কাঠামো গড়ে ওঠে।
আফগানিস্তানে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে সমন্বয়ের লক্ষ্যেই এসব বৈঠক অনুষ্ঠিত হয়। ইরান, রাশিয়া, চীন, ভারতসহ মধ্য এশিয়ার কয়েকটি দেশ এবং আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো এর প্রধান অংশগ্রহণকারী।#
পার্সটুডে/এসএ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।