ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ব্যর্থ হয়েছি: ইসরায়েলি সেনাপ্রধান
-
ইসরায়েলি সেনাপ্রধান এয়াল জামির
পার্সটুডে-ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ এয়াল জামির স্বীকার করেছেন, ৭ অক্টোবরের হামলার সময় ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিত করা সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলেও তারা এতে ব্যর্থ হয়েছে।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, আল-আকসা তুফান অভিযানের তৃতীয় বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বক্তব্যে জামির বলেন, ইসরায়েলি সেনাবাহিনী তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব-ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে-ব্যর্থ হয়েছে।
এর আগে রোববার সামরিক ঘাঁটি গ্লিলট-এ সিনিয়র সেনা কমান্ডারদের এক বৈঠকে জামির বলেন, ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতা এবং সেখান থেকে পাওয়া শিক্ষাগুলো নিয়ে তদন্ত চলছে। ২০২৭ সালকে যুদ্ধের বিভিন্ন দিক পর্যালোচনা এবং সেখান থেকে শিক্ষা গ্রহণের জন্য বরাদ্দ করা হবে বলেও জানান তিনি।
জামিরের মতে, এই ব্যর্থতা থেকে পাওয়া শিক্ষার মধ্যে রয়েছে ‘কৌশলগত গভীরতা’ বাড়ানো এবং একাধিক ফ্রন্ট থেকে আকস্মিক হামলা মোকাবিলার প্রস্তুতি জোরদার করা। তিনি বলেন, সেনাবাহিনীকে সব ফ্রন্টের জন্য প্রস্তুত থাকতে হবে।
এই স্বীকারোক্তি এমন সময়ে এলো, যখন ২০২৩ সালের ৭ অক্টোবরের আগে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা কাঠামোকে ওই অঞ্চলের অন্যতম উন্নত গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থা হিসেবে উপস্থাপন করা হতো। তবে ওই হামলা ইসরায়েলের গোয়েন্দা, কমান্ড ও প্রস্তুতি ব্যবস্থার বিভিন্ন দুর্বলতা প্রকাশ করে।
জামির ৭ অক্টোবরের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজনীয়তার কথা বললেও, ওই অভিযানের রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিক প্রভাব নিয়ে ইসরায়েলে এখনও বিতর্ক চলছে। হামলা ঠেকাতে রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাদের দায় কতটা ছিল—সেটিও দেশটির অভ্যন্তরে বিতর্কিত বিষয়।
ইসরায়েলি বিশ্লেষকরাও বিভিন্ন সময়ে ৭ অক্টোবরের হামলাকে ইসরায়েলের ইতিহাসে অন্যতম বড় নিরাপত্তা আঘাত হিসেবে উল্লেখ করেছেন।#
পার্সটুডে/এনএম/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।