কাবুল বিমানবন্দরে প্রাণঘাতী হামলা
দায়েশের ওপর ড্রোন হামলা চালানোর দাবি করছে আমেরিকা
-
মার্কিন ড্রোন (ফাইল ফটো)
মার্কিন সামরিক বাহিনী বলেছে, তারা কাবুল বিমানবন্দরে প্রাণঘাতী হামলার মূল পরিকল্পনাকারীর ওপর ড্রোন হামলা চালিয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, রাজধানী কাবুলের পূর্বে অবস্থিত নানগারহার প্রদেশে গতকাল (শুক্রবার) ওই ড্রোন হামলা চালানো হয়। নানগারহার প্রদেশের সঙ্গে পাকিস্তানের সীমান্ত রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কাবুল বিমানবন্দরে ভেতরে ও বাইরে কয়েক দফা বোমা বিস্ফোরণ এবং গোলাগুলির ঘটনা ঘটে। এতে ১৩ মার্কিন সেনাসহ মোট ১৮০ জন নিহত হয়।
ড্রোন হামলা সম্পর্কে মার্কিন বাহিনী এক বিবৃতিতে বলেছে, যে ব্যক্তিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় সে নিহত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে আমেরিকার একজন সরকারি কর্মকর্তা বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের এক সদস্যের ওপর হামলা চালানো হয়।
ওই কর্মকর্তা জানান, “দায়েশ সন্ত্রাসী একজন সহযোগীকে নিয়ে গাড়িতে করে যাওয়ার সময় তার ওপর ড্রোন হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে- হামলায় দুজনই মারা গেছে।”#
পার্সটুডে/এসআইবি/২৮