‘গণতামাশার’ জন্য অনুমতি চাইলে পুলিশকে বলবেন কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি।আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- ‘গণতামাশার’ জন্য অনুমতি চাইলে পুলিশকে বলবেন কাদের-দৈনিক প্রথম আলো
- শ্রমিক নেয়ার বিষয়ে আরব আমিরাতের ইতিবাচক সাড়া -দৈনিক ইত্তেফাক
- নতুন ব্যাংকের অনুমোদন লুটের পথকে প্রসারিত করবে : রিজভী-দৈনিক নয়া দিগন্ত
- সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শাজাহান খানকে দেয়া হাস্যকর: বিএনপি-দৈনিক যুগান্তর
- ৪০,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত ভাতা স্থগিত হচ্ছে-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- ভারত যুদ্ধ শুরু করলে পাল্টা জবাব দেবে পাকিস্তান, হুমকি দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান-দৈনিক আনন্দবাজার
- ‘হাতে অস্ত্র তুললেই গুলি করে নিশ্চিহ্ন করব’, কড়া বার্তা সেনার-দৈনিক আজকাল
- সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত পোস্ট, চাকরি ছাড়তে বাধ্য হলেন স্কুল শিক্ষক-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবর
‘গণতামাশার’ জন্য অনুমতি চাইলে পুলিশকে বলবেন কাদের-দৈনিক প্রথম আলো
জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানির বিষয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘গণশুনানি কাকে বলে? গণশুনানি না গণতামাশা? গণতামাশার জন্য অনুমতি চাইলে পুলিশ কমিশনারকে বলব।’ আজ তেজগাঁওয়ে সড়ক ভবনে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। জাতীয় ঐক্যফ্রন্ট অভিযোগ করেছে, তাদের গণশুনানির জন্য সরকার কোনো জায়গা দিচ্ছে না। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী উদ্যান তো আছে।
সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শাজাহান খানকে দেয়া হাস্যকর: বিএনপি-দৈনিক যুগান্তর
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটিতে সাবেক মন্ত্রী শাজাহান খানকে আহ্বায়ক করে যে কমিটি গঠন করা হয়েছে, তা রীতিমতো হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আর নয়া দিগন্ত পত্রিকা রিজভীর বক্তব্যের যে অংশটি গুরুত্ব দিয়ে ছেপেছে সেটি হচ্ছে-নতুনভাবে আরো তিনটি ব্যাংক অনুমোদন দেয়ার কারণে লুটের পথকে আরো প্রসারিত করবে বলে মনে করেছেন রিজভী। সেইসাথে বিকল্প ব্যবস্থা ছাড়া ঢাকা মহানগরীতে ১২ ঘন্টা গ্যাস বন্ধের ঘোষণাকে ‘নিষ্ঠুর কর্তৃত্ববাদী শাসনের প্রতিফলন’ মন্তব্য করে এর নিন্দা জানিয়েছে দলটি।
শ্রমিক নেয়ার বিষয়ে আরব আমিরাতের ইতিবাচক সাড়া -দৈনিক ইত্তেফাক
আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মাদ বিন জায়াদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের অন্তর্ভুক্তি এবং বাংলাদেশে তাদের বিনিয়োগের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রদর্শন করে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন। ওয়্যাল প্যালেস প্রাসাদে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি বলেন, ‘তিনি বাংলাদেশ সফরেও আসতে পারেন এবং আরব আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের অন্তর্ভুক্তি এবং বাংলাদেশে বিনিয়োগের বিষয়টি খুব ইতিবাচক মনোভাব নিয়েই বিবেচনা করবেন।’দিনব্যাপী প্রধানমন্ত্রীর নানা অনুষ্ঠান শেষে বিকেলে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক একথা বলেন।
৪০,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত ভাতা স্থগিত হচ্ছে-দৈনিক মানবজমিন
মুক্তিযোদ্ধা যাচাই- বাছাই প্রক্রিয়ায় উপজেলা কমিটি ৪০ হাজার জনকে ‘প্রকৃত মুক্তিযোদ্ধা নন’ হিসেবে চিহ্নিত করেছে। চিহ্নিত এসব ব্যক্তির মুক্তিযোদ্ধা ভাতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৬শে মার্চের আগেই স্থানীয় প্রশাসনের কাছে মুক্তিযোদ্ধা ভাতা স্থগিত সংক্রান্ত চিঠি যাবে। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তবে এ পর্যন্ত যে ভাতা দেয়া হয়েছে তা ফেরত নেয়া হবে কিনা এ বিষয়ে এখনো কোনো আলোচনা নেই। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক মানবজমিনকে বলেন, উপজেলা যাচাই বাছাই কমিটি ৪০ হাজার জনকে প্রকৃত মুক্তিযোদ্ধা নন বলে চিহ্নিত করেছে। এসব ব্যক্তির ভাতা স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সহসাই স্থানীয় প্রশাসনের কাছে চিঠি দেয়া হবে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
কোলকাতার দৈনিকগুলোতে আজও কাশ্মিরি সম্পর্কিত খবর বেশি গুরুত্বসহ পরিবেশিত হয়েছে।
ভারত যুদ্ধ শুরু করলে পাল্টা জবাব দেবে পাকিস্তান, হুমকি দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান-দৈনিক আনন্দবাজার
খবরটিতে লেখা হয়েছে, গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় জওয়ানদের কনভয়ের উপর আত্মঘাতী হামলা চালিয়েছিল পাক মদতে পুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানকে কোণঠাসা করতে একের পর এক পদক্ষেপ করছিল ভারত। কিন্তু, পুরো ঘটনা নিয়ে পাক প্রধানমন্ত্রী ছিলেন নিশ্চুপ। নাশকতার পাঁচ দিন পর অবশ্য মুখ খুললেন তিনি, আর বললেন, ‘‘পুলওয়ামা কাণ্ডের পর ভারত যদি আক্রমণ করে, তা হলে পাকিস্তান শুধু পাল্টা আক্রমণ করার কথা ভাববে না, প্রতি আক্রমণ করবে। কারণ, এ ছাড়া পাকিস্তানের কাছে আর কোনও রাস্তা খোলা থাকবে না।’’একই সঙ্গে ইমরানের অভিযোগ, কোনও তথ্য প্রমাণ ছাড়াই ইসলামাবাদের উপর পুলওয়ামা হামলার দায় চাপাচ্ছে নয়াদিল্লি।
‘হাতে অস্ত্র তুললেই গুলি করে নিশ্চিহ্ন করব’, কড়া বার্তা সেনার-দৈনিক আজকাল
জম্মু–কাশ্মীরে কাউকে অস্ত্র হাতে দেখলেই গুলি করা হবে। পুলওয়ামা কান্ডের পর এই কড়া বার্তাই দিল সেনাবাহিনী। মঙ্গলবার শ্রীনগরে সেনাবাহিনী, সিআরপিএফ এবং রাজ্যপুলিসের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়। সেনাবাহিনীর চিনার কর্পসের কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কানওয়ালজিৎ সিং ধিল্লোঁ বলেন, ‘আমি জানাতে চাই পুলওয়ামা হামলার ১০০ ঘণ্টার মধ্যেই পাকিস্তান থেকে পরিচালিত জৈশ–ই–মহম্মদকে উপত্যকা থেকে সম্পূর্ণ উপড়ে ফেলা হয়েছে। যে কেউ হাতে অস্ত্র তুলবে তাকেই গুলি করে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। উপত্যকায় কোনওরকম নাশকতা বরদাস্ত করা হবে না। এতে সন্দেহ নেই পাকিস্তানি সেনা আর আইএসআই এর পিছনে জড়িত।
সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত পোস্ট, চাকরি ছাড়তে বাধ্য হলেন স্কুল শিক্ষক-দৈনিক সংবাদ প্রতিদিন
পুলওয়ামায় জঙ্গি হামলার পর জওয়ানদের নিয়ে ফেসবুকে ব্যক্তিগত মতামত লিখেছিলেন এক স্কুল শিক্ষক। তবে বিতর্ক শুরু হতেই পোস্টটি মুছে দেন তিনি। তা সত্ত্বেও বনগাঁর ওই শিক্ষকের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল স্থানীয় জনা কয়েক যুবকের বিরুদ্ধে। এসব নিয়ে অশান্তির জেরে স্কুলের চাকরি ছাড়তে বাধ্য হলেন শিক্ষক চিত্রদীপ সোম। এনিয়ে তাঁর অভিযোগ, পোস্ট নিয়ে তাঁর যুক্তি পুরোপুরি না পড়েই তাঁর বিরুদ্ধে এমন কড়া ব্যবস্থা নেওয়া হল।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯