করোনা নিয়ন্ত্রণে বিয়েসহ সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
https://parstoday.ir/bn/news/bangladesh-i102724-করোনা_নিয়ন্ত্রণে_বিয়েসহ_সামাজিক_অনুষ্ঠান_বন্ধ_রাখার_পরামর্শ_স্বাস্থ্যমন্ত্রীর
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে বিয়েসহ সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। একই সাথে যারা স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ২০, ২০২২ ১৪:৫৪ Asia/Dhaka

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে বিয়েসহ সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। একই সাথে যারা স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ (বৃহস্পতিবার) জেলা প্রশাসক সম্মেলনের অধিবেশন শেষে জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, দেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে। বুধবারও সাড়ে নয় হাজার মানুষ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৫ শতাংশ ছাড়িয়েছে। এতে সরকার আতঙ্কিত না হলেও বিষয়টি আশঙ্কাজনক।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, "করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা জেলা প্রশাসকদের বলেছি, আপনারা গতবার যেভাবে করোনা নিয়ন্ত্রণে সহযোগিতা করেছেন এবারও সেটি করতে হবে। আপনারা যেহেতু জেলার দায়িত্বে আছেন, সবাইকে নিয়ে কাজ করেন। স্থানীয় প্রতিনিধি যারা আছে, তাদের নিয়েও কাজ করেন। তাদের নিয়ে কাজ করলে আপনাদের কাজ আরও ভালো হবে, সফল হবে।"

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ওমিক্রনের কারণে ছড়িয়ে পড়া সংক্রমণের লাগাম টেনে ধরতে সরকার ১১ দফা বিধিনিষেধ আরোপ করেছে। এগুলো বাস্তবায়নের মূল হাতিয়ার জেলা প্রশাসন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "বাসে, ট্রেনে, স্টিমারে যখন লোক চলবে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে; সামাজিক দূরত্ব যতটুকু সম্ভব মানতে হবে। বিয়েসহ সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। এ বিষয়গুলো আমরা তুলে ধরেছি। আমরা বলেছি যে, বিভিন্ন বন্দরে স্ক্রিনিং চলছে সেগুলো যেন তারা ঠিকমতো দেখেন। যারা কোয়ারেন্টিনে আছেন তারা অনেক সময় এটি ঠিক মতো মানেন না। এ বিষয়ে নজরদারি করতে বলেছি। যারা স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলেছি।"

জাহিদ মালেক বলেন, জেলা পর্যায়ের হাসপাতালগুলোয় ১০টি করে আইসিইউ শয্যা এবং ১০টি ডায়ালাইসিস শয্যার ব্যবস্থা করা হয়েছে। এটি এখন ইনসটলেশনের পর্যায়ে আছে। এটি আগেই একনেকে পাস করা। অল্প সময়ের মধ্যেই সব জেলায় এগুলো বসে যাবে।

একদিনে শনাক্ত ১০ হাজার ছাড়িয়েছে,  মৃত্যু ৪

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৮৮৮ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৩৭ শতাংশে।

করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৮০ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জনে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বুধবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যু হয়। শনাক্ত হন ৯ হাজার ৫০০ জন। শনাক্তের হার ছিল ২৫ দশমিক ১১ শতাংশ।

আরও ৮ জনের দেহে ওমিক্রন শনাক্ত

দেশে আরও ৮ জনের দেহে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি)  জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) নতুন এসব রোগীর ওমিক্রনে আক্রান্তের তথ্য জানিয়েছে।

এ নিয়ে দেশে মোট ৭১ জনের দেহে ওমিক্রন শনাক্ত হলো। নতুন আক্রান্তদের সবাই চট্টগ্রামের বাসিন্দা। গত ২৮ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে তাদের নমুনা সংগ্রহ করা হয়। শনাক্তদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৩ জন নারী।

উল্লেখ্য, ঢাকা ও যশোরের পর এবার চট্টগ্রামেও পাওয়া গেল করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের অস্তিত্ব।

জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৫টি সুপারিশ

এদিকে, বুধবার (১৯ জানুয়ারি) রাতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. সহিদুল্লার সই করা এক বিজ্ঞপ্তিতে করোনা সংক্রমণ রোধে ৫টি সুপারিশ করেছে। 

জাতীয় পরামর্শক কমিটি জনগণকে মাস্ক পরিধান নিশ্চিতকরণে সরকারের পক্ষ থেকে সাধারণ জনগণকে বিনামূল্যে মাস্ক বিতরণের প্রস্তাব করেছে। এছাড়া জনপ্রতিনিধি ও ধর্মীয় প্রতিনিধিদের মাধ্যমে জনগণকে সঠিকভাবে মাস্ক পরিধান এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদ্বুদ্ধকরণের সুপারিশ করা হয়।

এছাড়া, মন্ত্রিপরিষদ কর্তৃক জারি করা প্রজ্ঞাপনের বাস্তবায়নের লক্ষ্যে অংশীদের যেমন-পরিবহন মালিক সমিতি, দোকান মালিক সমিতি, রেস্তোরা মালিক সমিতির নেতারাসহ সবাইকে সম্পৃক্ত করে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।