চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলছে; সোয়াত সদস্য আহত
https://parstoday.ir/bn/news/bangladesh-i34548-চট্টগ্রামের_সীতাকুণ্ডে_জঙ্গিদের_বিরুদ্ধে_অভিযান_চলছে_সোয়াত_সদস্য_আহত
বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সীতাকুণ্ড পৌরসভার প্রেমতলা এলাকার 'ছায়ানীড়' বাড়িতে অবস্থানকারী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরুর পর দু’পক্ষের মধ্যে গুলাগুলিতে এক সোয়াত সদস্য গুরুতর আহত হয়েছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মার্চ ১৬, ২০১৭ ০৫:০০ Asia/Dhaka
  • চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলছে; সোয়াত সদস্য আহত

বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সীতাকুণ্ড পৌরসভার প্রেমতলা এলাকার 'ছায়ানীড়' বাড়িতে অবস্থানকারী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরুর পর দু’পক্ষের মধ্যে গুলাগুলিতে এক সোয়াত সদস্য গুরুতর আহত হয়েছেন।

আজ (বৃহস্পতিবার) ভোর ৬টার দিকে ঢাকা থেকে যাওয়া পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সোয়াত টিম অভিযান শুরু করে। বিশেষ এ দলের সঙ্গে অভিযানে অংশ নিচ্ছে চট্টগ্রামের সোয়াত, র‌্যাব ও পুলিশ সদস্যরা। অভিযান শুরুর পরপরই দু’পক্ষের মধ্যে প্রায় ১০ মিনিট গুলি বিনিময় হয়। এ সময় এক সোয়াত সদস্য আহত হন। পরে তাকে অ্যাম্বুলেন্সযোগে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে ভবনের ভেতরে থাকা জঙ্গি সদস্যরা একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটায়। এতে ভবনের ভেতরে অবস্থানকারীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে ঘটনাস্থলে পৌঁছায় সোয়াত টিম। ঘটনাস্থলে পৌঁছালেও সঙ্গে সঙ্গে অভিযান শুরু না করে পর্যবেক্ষণ করেন সোয়াত কর্মকর্তারা। পরে দিনের আলো ফোঁটার পর অভিযান শুরু হয়।

এরআগে বুধবার দুপুরে সীতাকুণ্ড পৌরসভার লামারবাজার পশ্চিম আমিরাবাদে সাধন চন্দ্র ধরের মালিকানাধীন সাধন কুঠিরের নিচ তলায় অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে ২ মাসের শিশুসহ এক জঙ্গি দম্পতিকে আটক করে পুলিশ।

পরে আটক দম্পতির দেয়া তথ্যের ভিত্তিতে পৌরসভার চৌধুরীপাড়ার প্রেমতলায় ‘ছায়ানীড়’ নামে ওই জঙ্গি আস্তানায় পুলিশ অভিযান চালায়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬