গাজার প্রতি সংহতি
ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইয়েমেন
ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, লোহিত সাগরে ইসরাইল সংশ্লিষ্ট একটি জাহাজে তারা নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে।
গতকাল (মঙ্গলবার) ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানান। তিনি বলেন, লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে ইয়েমেনি সেনারা হামলা চালায়।
জেনারেল সারি বলেন, দীর্ঘ দূরত্ব থেকে নিখুঁতভাবে নতুন এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন এবং ইয়েমেনের প্রিয় জনগণকে ব্রিটিশ-মার্কিন আগ্রাসন থেকে রক্ষার জন্য আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখবে বলেও ঘোষণা করেন জেনারেল সারি।
তিনি বলেন, ইয়েমেনের ওপর মার্কিন-ব্রিটিশ আগ্রাসন এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর গণহত্যার জবাবে ইয়েমেনি সেনারা এই হামলা চালিয়েছে।
জেনারেল সারি আরো বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে ইয়েমেনি সেনারা হামলা অব্যাহত রাখবে।#
পার্সটুডে/এসআইবি/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।