জোসেফ আউন প্রেসিডেন্ট নির্বাচিত
লেবাননে দুই বছরের রাজনৈতিক অচলাবস্থার অবসান
-
জোসেফ আউন পরিদর্শন করছেন গার্ড অব অনার
লেবাননের পার্লামেন্ট দুই বছরের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে দেশটির সেনাপ্রধান জোসেফ আউনকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে।
১২৮ আসন বিশিষ্ট সংসদে বৃহস্পতিবার দুই দফা ভোটাভুটিতে ৯৯ ভোট পেয়ে আউন প্রেসিডেন্ট নির্বাচিত হন। এই ভোটাভুটির আগে গত দুই বছরে লেবাননের পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনের মোট ১২টি প্রচেষ্টা ব্যর্থ হয়।
২০২২ সালের অক্টোবরে সাবেক প্রেসিডেন্ট মিশেল আউনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর থেকে লেবানন কার্যত প্রেসিডেন্ট বিহীন অবস্থায় ছিল। মিশেল আউনের সঙ্গে নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউনের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই।
লেবাননের সংবিধান অনুযায়ী, একজন সুন্নি মুসলমান প্রেসিডেন্ট, একজন শিয়া মুসলমান পার্লামেন্ট স্পিকার ও একজন খ্রিষ্টান দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এর আগে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সেদেশের একটি ছোট খ্রিষ্টান দলের নেতা সুলেমান ফ্রাঞ্জিয়ের প্রতি সমর্থন দিয়েছিল। কিন্তু বুধবার ফ্রাঞ্জিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গিয়ে জোসেফ আউনের প্রতি সমর্থন জানালে আউনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথ উন্মোচিত হয়।
২০১৭ সাল থেকে সেনাপ্রধানের দায়িত্ব পালন করে আসা জোসেফ আউন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সেনাপ্রধানের পদে ইস্তফা দেন এবং বেসামরিক পোশাক পরে শপথ গ্রহণের জন্য সংসদে প্রবেশ করেন। শপথ গ্রহণের পর সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউনকে হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের পাশাপাশি যুদ্ধ-উত্তর লেবাননের পুনর্গঠনের গুরুদায়িত্ব সামাল দিতে হবে। গত নভেম্বরে বিশ্ব ব্যাংক এক প্রাথমিক হিসাবে জানিয়েছিল, ইসরাইলি আগ্রাসনে লেবাননের ৮৫০ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। #
পার্সটুডে/এসআই/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।