পাক-আফগান উত্তেজনা ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ: মধ্যস্থতায় আগ্রহী ইরান-রাশিয়া
https://parstoday.ir/bn/news/event-i157378-পাক_আফগান_উত্তেজনা_ঘিরে_বিশ্বজুড়ে_উদ্বেগ_মধ্যস্থতায়_আগ্রহী_ইরান_রাশিয়া
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা ঘিরে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সীমান্তে পাল্টাপাল্টি হামলা ও বিমান অভিযানের পর পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় জাতিসংঘ, চীন, রাশিয়া, ইরান ও সৌদি আরব কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা অবিলম্বে যুদ্ধবিরতি, সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছে।
(last modified 2026-02-28T14:23:17+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১৫:৫৩ Asia/Dhaka
  •  পাক-আফগান উত্তেজনা ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ: মধ্যস্থতায় আগ্রহী ইরান-রাশিয়া

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা ঘিরে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সীমান্তে পাল্টাপাল্টি হামলা ও বিমান অভিযানের পর পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় জাতিসংঘ, চীন, রাশিয়া, ইরান ও সৌদি আরব কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা অবিলম্বে যুদ্ধবিরতি, সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছে।

আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদনকারী রিচার্ড বেনেট ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকারের প্রতি সম্মান বজায় রাখার ওপর জোর দেন এবং সংঘাত আরও বিস্তৃত হলে সাধারণ মানুষের ওপর এর গুরুতর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি জানিয়েছেন, ইসলামাবাদ ও কাবুল চাইলে তেহরান সংলাপের আয়োজন করতে প্রস্তুত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের উচিত আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসন করা।

রাশিয়াও দুই দেশকে অবিলম্বে সীমান্তপারের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআই-এর বরাতে জানানো হয়, মস্কো উভয় পক্ষকে দ্রুত কূটনৈতিক চ্যানেলে বিরোধ মেটানোর আহ্বান জানিয়েছে। প্রয়োজন হলে এবং দুই পক্ষ সম্মত হলে রাশিয়া মধ্যস্থতার বিষয়টি বিবেচনা করবে বলেও জানানো হয়েছে।

এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বিবৃতি অনুযায়ী, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং বিশেষ করে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের উত্তেজনা নিয়ে আলোচনা হয়। দার সৌদি মন্ত্রীকে ‘উসকানিবিহীন আফগান আগ্রাসনের’ জবাবে পাকিস্তানের প্রতিক্রিয়া সম্পর্কে অবহিত করেন এবং জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী “অপারেশন গজব লিল হক”-এর আওতায় লক্ষ্যভিত্তিক অভিযান চালিয়েছে। উভয় নেতা অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দেন এবং ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হন।

চীনও পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত ব্রিফিংয়ে বলেন,  ‘প্রতিবেশী ও মিত্র দেশ হিসেবে চীন এই ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। সংঘাতের ফলে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করছে। যেকোনো উত্তেজনা উভয় পক্ষের জন্য ক্ষয়ক্ষতি বয়ে আনবে।’

তিনি উভয় পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানান এবং যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতিতে পৌঁছানোর মাধ্যমে আরও রক্তপাত এড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। চীন জানিয়েছে, তারা দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে।

সাম্প্রতিক সামরিক সংঘর্ষের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই ধারাবাহিক আহ্বান স্পষ্ট করছে যে, আফগানিস্তান-পাকিস্তান উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, দ্রুত সংলাপে না বসলে সীমান্ত উত্তেজনা আরও বড় আকারের সংঘাতে রূপ নিতে পারে, যার প্রভাব গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।#

পার্সটুডে/এমএআর/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।