প্রতিশোধমূলক অভিযানের ৯২ তম পর্বে
মার্কিন রাডার সিস্টেম, নৌ-স্থাপনা ও ইসরায়েলি জঙ্গিবিমান বহরে ইরানি ধ্বংসাত্মক আঘাত
-
ইরানি ক্ষেপণাস্ত্র
পার্সটুডে: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি এবং অবস্থানগুলোতে 'সত্য-প্রতিশ্রুতি-৪' শীর্ষক প্রতিশোধমূলক অভিযানের ৯২ তম পর্বের হামলাগুলো চালিয়েছে রাডার সিস্টেম ও সামরিক নৌ-সাজ-সরঞ্জামকে লক্ষ্য করে।
আইআরজিসি'র জনসংযোগ বিভাগ আজ (শুক্রবার) জানিয়েছে, আজ ভোরে আইআরজিসি'র নৌ ও মহাকাশ শাখার সেনারা পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সন্ত্রাসী সেনাদের রাডার-ব্যবস্থা ও নৌ-সাজ-সরঞ্জাম লক্ষ্য করে বেশ কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাত্মক হামলা চালিয়েছে। প্রথম পর্যায়ে আশশুইয়ুখ বন্দরে বিশেষ ধরনের মার্কিন নৌ-যান অবতরণ কেন্দ্রে তথা ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি (এল সি ইউ) স্থাপনায় ধ্বংসাত্মক আঘাত হানে এক ঝাঁক ইরানি ক্ষেপণাস্ত্র।
অভিযানটির অন্য পর্যায়ে বাহরাইনে 'জাবাল আদ দুখান' রাডার কেন্দ্রে একটি এ আর-৩২৭ মডেলের দীর্ঘ পাল্লার ত্রি-মাত্রিক রাডারকে ধ্বংস করে দেয় ইরানি ড্রোন।
এদিকে গতরাতের হামলাগুলোর ধারাবাহিকতায় আইআরজিসি'র মহাকাশ বিভাগের সেনারা ইহুদিবাদী ইসরায়েলের হাইফা বন্দরের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত রামাত ডেভিড ঘাঁটিতে দু'টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানে যে ঘাটিতে রয়েছে ইসরায়েলি এফ-সিক্সটিন জঙ্গি-বিমান বহর। এ ছাড়াও তেলআবিবের কেন্দ্রস্থলে ও অধিকৃত ফিলিস্তিনের অন্যান্য অনেক স্থানে ইসরায়েলি অবস্থানগুলোর ৫০টি টার্গেটে ধ্বংসাত্মক আঘাত হানে ইরানের খুররামশাহর-৪ মডেলের কয়েকটি ক্ষেপণাস্ত্র যার প্রতিটিতে যুক্ত ছিল কয়েকটি ওয়ারহেড বা বোমা।
অন্য এক ঘটনায় আইআরজিসি মধ্য ইরানের আকাশে ল্যাকেনহিথ (LAKEN-HEATH) সিরিজের একটি মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমান ধ্বংস করতে সক্ষম হয় যা ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা সিস্টেমের মাধ্যমে এ ধরনের জঙ্গি বিমান ধ্বংসের দ্বিতীয় ঘটনা। গত ১২ ঘণ্টায় আরও একটি মার্কিন জঙ্গি বিমান ধ্বংস করা হয় ইরানের পারস্য উপসাগরীয় এলাকায়। এই পর্বের হামলাগুলো অব্যাহত রয়েছে বলে আইআরজিসি'র বিবৃতিতে জানানো হয়েছে। #
পার্সটুডে/এমএএইচ/০৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন