“বিশ্বাস, সংস্কৃতি ও আদর্শে ছাড় নয়”
বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আয়োজকদের ১০ শর্ত দিল ইরান
ইরান জানিয়েছে, তারা ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নেবে, তবে আয়োজক দেশগুলোকে তাদের নির্ধারিত শর্ত মেনে নিতে হবে।
ইরানের ফুটবল ফেডারেশন আজ (শনিবার) এক বিবৃতিতে জানায়, পুরুষ জাতীয় দল আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ করবে। তবে আয়োজক দেশগুলোকে ইরানের উদ্বেগ ও শর্তগুলো বিবেচনায় নিতে হবে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল আগ্রাসনের পর বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এ প্রসঙ্গে ইরান ফুটবল ফেডারেশন বলেছে, “কোনো বহিরাগত শক্তি ইরানকে এমন একটি টুর্নামেন্টে অংশ নেওয়া থেকে বঞ্চিত করতে পারে না, যেখানে আমরা যোগ্যতা অর্জন করেছি।”
ফেডারেশন আরও জানায়, “আমরা অবশ্যই ২০২৬ বিশ্বকাপে অংশ নেব, তবে নিজেদের বিশ্বাস, সংস্কৃতি ও আদর্শ থেকে একচুলও সরে আসব না।”
বিবৃতিতে বলা হয়, “যদি বিশ্বকাপের আয়োজকরা অতিথিপরায়ণতার নীতি না শেখে, তাহলে আমরা তাদের অন্য ভাষায় তা বুঝিয়ে দেব—যেমন কানাডায় ইরানের ফুটবল প্রতিনিধিদল দৃঢ় অবস্থান ও জাতীয় আদর্শের প্রতি অটল থেকে দেখিয়েছে।”
গত মাসে ফিফা কংগ্রেসে অংশ নিতে কানাডা ইরান ফুটবল ফেডারেশনের প্রধানকে প্রবেশের অনুমতি দেয়নি। এর প্রতিবাদে ইরানি প্রতিনিধিদল ফিরে যায় এবং কংগ্রেসে অংশ নেয়নি।
ইসলামিক রিপাবলিক অব ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মাহদি তাজ শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, বিশ্বকাপে অংশগ্রহণের জন্য তেহরান ১০টি শর্ত দিয়েছে। এই শর্তগুলোর মধ্যে রয়েছে—খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিসা প্রদান, জাতীয় দল, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি সম্মান প্রদর্শন এবং বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামে যাওয়ার পথে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের ফুটবলারদের বিশ্বকাপে স্বাগত জানানো হবে। তবে তিনি সতর্ক করে বলেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর সঙ্গে সম্পর্ক আছে বলে অভিযোগ থাকা ইরানি প্রতিনিধিদলের কিছু সদস্যের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হতে পারে।
এ প্রসঙ্গে মাহদি তাজ বলেন, “সব খেলোয়াড় ও কোচিং স্টাফ—বিশেষ করে যারা আইআরজিসি-তে সামরিক সেবা সম্পন্ন করেছেন, যেমন মাহদি তারেমি ও এহসান হাজসাফি—তাদের যেন কোনো সমস্যা ছাড়াই ভিসা দেওয়া হয়।”
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো পুনর্ব্যক্ত করে বলেছেন, নির্ধারিত সূচি অনুযায়ী ইরান যুক্তরাষ্ট্রেই তাদের বিশ্বকাপ ম্যাচ খেলবে।
বিশ্বকালে ইরান দলের ঘাঁটি হবে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের তুকসন শহরে। গ্রুপ ‘জি’-তে তারা নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসরের মুখোমুখি হবে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরানের বিশ্বকাপ অভিযান শুরু হবে।#