ফিফার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: ট্রাম্প-ইনফান্তিনো সম্পর্কের তদন্তে মার্কিন কংগ্রেস
-
জিয়ান্নি ইনফান্তিনো ও ডোনাল্ড ট্রাম্প
পার্সটুডে: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের একজন জ্যেষ্ঠ ডেমোক্র্যাট আইনপ্রণেতা ফিফার বিরুদ্ধে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছেন। তদন্তে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সম্ভাব্য সম্পর্ক, দুর্নীতির অভিযোগ এবং বিশ্বকাপের টিকিট বিক্রিতে অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখা হবে।
ইরনা'র বরাতে পার্সটুডে জানিয়েছে, প্রতিনিধি পরিষদের বিচারবিষয়ক কমিটির জ্যেষ্ঠ ডেমোক্র্যাট সদস্য জেমি রাসকিন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পাঠানো এক চিঠিতে জানান, তদন্তে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ফিফার সম্পর্ক এবং আর্থিক দুর্নীতির অভিযোগগুলো পর্যালোচনা করা হবে।
রাসকিনের অভিযোগ, ফিফা ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ব্যবহার করে বিশ্বকাপের টিকিট বিক্রিতে অবৈধ মূল্যবৃদ্ধি, বিভ্রান্তিকর বিক্রয় কৌশল এবং ভোক্তাদের জন্য ক্ষতিকর কিছু নীতি অনুসরণ করেছে।
তিনি আরও দাবি করেন, ইনফান্তিনোর নেতৃত্বে ফিফা ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক জোরদার করতে সংস্থার অভ্যন্তরীণ নৈতিক মানদণ্ড দুর্বল করেছে কি না, তাও তদন্তে যাচাই করা হবে।
রাসকিনের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের আগের তদন্তে ফুটবলের সম্প্রচারস্বত্বকে ঘিরে ২০টিরও বেশি দেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ২০০ মিলিয়ন ডলারেরও বেশি ঘুষ ও গোপন অর্থ লেনদেনের তথ্য উঠে এসেছিল। তার অভিযোগ, এসব ঘটনার পরও ট্রাম্প প্রশাসন কিছু দুর্নীতিবিরোধী আইন প্রয়োগে শিথিলতা দেখায় এবং কয়েকটি মামলায় আইনি কার্যক্রম বন্ধ করে দেয়।
তদন্তে বিশ্বকাপের টিকিট বিক্রির নীতিও পর্যালোচনা করা হবে। এর মধ্যে অতিরিক্ত মূল্য নির্ধারণ, ডায়নামিক প্রাইসিং এবং টিকিট কেনার পর দর্শকদের আসনের মান পরিবর্তনের অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া ট্রাম্প বা তার সহযোগীদের কাছে ফিফার পক্ষ থেকে কোনো উপহার, অর্থ বা অন্য কোনো সুবিধা দেওয়া হয়েছিল কি না, সে-সংক্রান্ত নথি ও যোগাযোগের তথ্যও তদন্তকারীরা চেয়েছেন।#
পার্সটুডে/এমএআর/২৮