ইরানের সঙ্গে মতপার্থক্য কমালে শক্তিশালী হবে বৈশ্বিক নিরাপত্তা: আরব বিশ্লেষক
-
পশ্চিম এশিয়াবিষয়ক আরব বিশেষজ্ঞ ও গবেষক রিয়াদ আল-ওয়াহিলি
পার্সটুডে: পশ্চিম এশিয়াবিষয়ক আরব বিশেষজ্ঞ ও গবেষক রিয়াদ আল-ওয়াহিলি বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠা এবং ইরান ও অন্যান্য দেশের মধ্যে দৃষ্টিভঙ্গির দূরত্ব কমিয়ে আনা বিশ্ব নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে।
ইরানের সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরাকি রাজধানী বাগদাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী বৈঠক নিয়ে আল-আহদ নিউজ নেটওয়ার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রিয়াদ আল-ওয়াহিলি।
তিনি বলেন, বাগদাদে এ ধরনের বৈঠক আয়োজনের মধ্য দিয়ে ইরাক একটি আঞ্চলিক শক্তি হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করছে। ফলে বিভিন্ন দেশ ইরাকের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হচ্ছে।
আল-ওয়াহিলি আরও বলেন, ইয়েমেনের সংকট সমাধান এবং ইরান ইস্যুতে বিভিন্ন দেশের দৃষ্টিভঙ্গির মধ্যে সমন্বয় সাধনে ভূমিকা রাখতে চায় ইরাক। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি রোধ করতে এবং আঞ্চলিক সংকট প্রশমিত করতে দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি।
তিনি উল্লেখ করেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ইরাকের অর্থনৈতিক সমৃদ্ধির ওপর সরাসরি প্রভাব ফেলে। যৌথ অর্থনৈতিক সম্পর্কের উন্নয়নে বাস্তবভিত্তিক অংশীদারত্ব গড়ে তোলার চেষ্টা করছে ইরাক। তাঁর মতে, উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠা এবং ইরানের সঙ্গে মতপার্থক্য কমিয়ে আনা বৈশ্বিক নিরাপত্তাকে শক্তিশালী করবে।
ফিলিস্তিন ইস্যুতে আল-ওয়াহিলি বলেন, ইসলামি সহযোগিতা সংস্থার কাঠামোর মধ্যে ফিলিস্তিন প্রশ্নে মুসলিম দেশগুলোর অবস্থানে ঐক্য প্রতিষ্ঠা একটি ইতিবাচক পদক্ষেপ।
তিনি আরও বলেন, ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানানো এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ও সংগ্রামের প্রতি সমর্থন আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়তা করবে।
‘সংলাপ ও সংহতি: শান্তি ও টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়ার দুটি মৌলিক ভিত্তি’—এই প্রতিপাদ্য নিয়ে শনিবার বাগদাদে ইসলামি সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী বৈঠক শুরু হয়। এতে ৫৫টি সদস্য ও পর্যবেক্ষক দেশের প্রতিনিধি এবং ৪০টিরও বেশি সংস্থার অংশগ্রহণের কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার সদস্য দেশ রয়েছে ৫৭টি। জাতিসংঘের পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তঃসরকারি সংস্থা।#
পার্সটুডে/এমবিএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।