শত্রুর বোকামিপূর্ণ সিদ্ধান্তের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি: মেজর জেনারেল আবদুল্লাহি
-
- ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি
পার্সটুডে: ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান ও খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার শত্রুকে সতর্ক করে বলেছেন, “পরীক্ষিত বিষয়কে আবার পরীক্ষা করা ভুল। আপনাদের বোকামিপূর্ণ সিদ্ধান্তের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
ইরানের সংবাদ সংস্থা মেহরের বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান এবং খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের উদ্দেশে বলেন, আপনারা যেসব স্লোগান দিচ্ছেন, সেগুলো বাস্তবায়নের সামর্থ্য থাকলে এত দিনে তা করে ফেলতেন।
তিনি বলেন, আগের প্রতিটি যুদ্ধে ইসলামি প্রজাতন্ত্রের পতন, ইরানকে বিভক্ত করা এবং দেশটিকে ধ্বংস করার স্লোগান দিয়ে আপনারা যুদ্ধে নেমেছিলেন। অথচ আজ আপনারাই ধ্বংস ও পতনের দিকে এগিয়ে যাচ্ছেন, আর শক্তিশালী ইরান এখনো দৃঢ়ভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখন বৃদ্ধ হয়ে গেছেন এবং নিজের আসন থেকে উঠে দাঁড়ানোর সামর্থ্যও তাঁর নেই। মার্কিন সমাজ এবং অধিকৃত ভূখণ্ডের বাসিন্দারা ভালোভাবেই জানেন, আপনাদের গুরুতর ও মৌলিক দুর্বলতা রয়েছে। মনে রাখতে হবে, পরবর্তী কোনো ভুল হিসাব-নিকাশের পরিণতিতে অতীতের তুলনায় ভিন্নতর ও আরও কঠোর জবাব পেতে হবে।
ইসলামি বিপ্লবের নেতার দৃঢ় সংকল্প, ইরানি জনগণ, কর্মকর্তাদের অঙ্গীকার এবং শক্তিশালী সশস্ত্র বাহিনীর মনোবলের কথা উল্লেখ করে মেজর জেনারেল আবদুল্লাহি শত্রুকে সতর্ক করে বলেন, আপনারা এই সংকল্প ও দৃঢ়তা বহুবার পরীক্ষা করেছেন। কিন্তু পরীক্ষিত বিষয়কে আবার পরীক্ষা করা ভুল।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনাদের বোকামিপূর্ণ সিদ্ধান্তের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। পরবর্তী গর্জন হবে আরও নিকটবর্তী, আরও বিধ্বংসী এবং প্রতিহত বা শনাক্ত করা আরও কঠিন।”#
পার্সটুডে/এমআরএইচ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।