আরাকচি ও ল্যাভরভের মধ্যে কী কথা হলো?
-
ল্যাভরভ (বামে) ও আরাকচি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের বাস্তবসম্মত উপায়গুলো পর্যালোচনা করেছি। অর্থনৈতিক সহযোগিতাও ভালো গতিতে এগিয়ে চলেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আঞ্চলিক বিষয়গুলোতেও আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। আজ আমরা পারস্য উপসাগর, ককেশাস, ইউরোপ এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছি। আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গি হলো, আঞ্চলিক সমস্যার কোনো সামরিক সমাধান নেই; এগুলোর সমাধান রাজনৈতিক উপায়েই খুঁজতে হবে।
ফিলিস্তিন ও ইয়েমেন প্রসঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে আরাকচি বলেন, ফিলিস্তিনিদের ওপর গণহত্যা বন্ধ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তাহীনতা নিয়ে আমরা আলোচনা করেছি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর আগ্রাসনের ফলে এই নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে। কাস্পিয়ান সাগরের নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং এই সাগরে জাহাজে হামলার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমাদের বিশ্বাস, এসব ঘটনার ফলে আঞ্চলিক শান্তির ওপর গুরুতর প্রভাব পড়তে পারে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখব। বিশেষ করে যুক্তরাষ্ট্রের একপেশে নীতির বিরোধিতার ক্ষেত্রে আমাদের মধ্যে ঐকমত্য রয়েছে। বহুপক্ষীয় ব্যবস্থা জোরদার করতে আমরা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাঠামোর মধ্যে থেকে সহযোগিতা করছি। ব্রিকস ও সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) মধ্যেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
আরাকচি জোর দিয়ে বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরান ও রাশিয়ার সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা দ্বিপক্ষীয় সম্পর্ক অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।
লাভরভ: ইরান-রাশিয়া সহযোগিতা অব্যাহত থাকবে
যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, আমরা ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের একটি শক্তিশালী ভিত্তি রয়েছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ব্যাপকভিত্তিক কৌশলগত অংশীদারত্ব চুক্তিটি একটি গুরুত্বপূর্ণ দলিল।
তিনি বলেন, যুদ্ধের সময় আমরা ইরানের জনগণের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছি। আমরা এখনো খাদ্যপণ্য সরবরাহ অব্যাহত রেখেছি।
লাভরভ আরও বলেন, দুই দেশের নেতাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে রাশিয়ায় অনুষ্ঠিতব্য গ্যাসবিষয়ক সম্মেলনে অংশ নিতে আমরা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আমন্ত্রণ জানাচ্ছি।
রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, গত বছর দুই দেশের বাণিজ্যে ২১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। পাঁচ দিন আগে ইরান ও ইউরেশীয় অর্থনৈতিক কমিশনের যৌথ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে রাশিয়া সহযোগিতা করতে প্রস্তুত। তেল ও গ্যাস প্রকল্পের পাশাপাশি রাশিয়া ইরানের রাশত-আস্তারা রেলপথ প্রকল্পেও সহযোগিতা করছে।
একতরফা নিষেধাজ্ঞা অবৈধ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী
আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা উল্লেখ করে লাভরভ বলেন, আমরা বিশ্বে বহুপক্ষীয় ব্যবস্থা প্রতিষ্ঠা এবং শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার পক্ষে। একতরফা নিষেধাজ্ঞা অবৈধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
তিনি বলেন, ব্রিকস, সাংহাই সহযোগিতা সংস্থা ও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে আমরা আমাদের সহযোগিতা আরও জোরদার করব।
সমাধানে পৌঁছাতে আমরা সম্পূর্ণ প্রস্তুত
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে লাভরভ বলেন, একটি সমাধানে পৌঁছাতে সহায়তা করার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে সংকট শুরুর আগের পরিস্থিতিতে ফিরে যেতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি রোধের নিশ্চয়তা দিতে হবে। মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে আমরা মূল্যায়ন করি।
ফিলিস্তিন ইস্যুতে প্রচেষ্টা জোরদার করতে চাই
লাভরভ আরও বলেন, ফিলিস্তিন ইস্যুতে আমরা আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করতে চাই। কেউ কেউ এই ইস্যুকে আন্তর্জাতিক আলোচ্যসূচির একেবারে শেষের দিকে ঠেলে দিতে চায়। কিন্তু রাশিয়া ও ইরান মনে করে, এ বিষয়ে কার্যকর সহযোগিতা প্রয়োজন।#
পার্সটুডে/এসএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।