পেজেশকিয়ান: উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অর্জন ইরানের বৈজ্ঞানিক সক্ষমতার প্রমাণ
https://parstoday.ir/bn/news/iran-i164010-পেজেশকিয়ান_উন্নত_ক্ষেপণাস্ত্র_প্রযুক্তি_অর্জন_ইরানের_বৈজ্ঞানিক_সক্ষমতার_প্রমাণ
পার্সটুডে: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার সক্ষমতা দেশটির মূল্যবান মানবসম্পদ ও বৈজ্ঞানিক দক্ষতার পরিচায়ক।
(last modified 2026-10-17T15:11:04+00:00 )
অক্টোবর ১৭, ২০২৬ ২১:১১ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

পার্সটুডে: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার সক্ষমতা দেশটির মূল্যবান মানবসম্পদ ও বৈজ্ঞানিক দক্ষতার পরিচায়ক।

মেহের নিউজ এজেন্সির বরাতে পার্সটুডে জানিয়েছে, শনিবার ইরানে একযোগে ৩ হাজার ৮৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা-সহায়ক ও ক্রীড়া প্রকল্পের উদ্বোধন ও কার্যক্রম শুরুর অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ইরানের বৈজ্ঞানিক ও প্রতিরক্ষা সক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, “আজ আমরা যদি শত্রুদের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে পারি এবং ক্ষেপণাস্ত্র নির্মাণসহ উন্নত প্রযুক্তি অর্জন করতে সক্ষম হই, তবে তা ইরানের মূল্যবান মানবসম্পদ ও বৈজ্ঞানিক সক্ষমতারই প্রমাণ।” তিনি আরও বলেন, বর্তমান অবস্থার চেয়ে অনেক ভালো কিছু করার সক্ষমতা ইরানের রয়েছে। এমন একটি অবস্থানে দেশকে নিয়ে যেতে হবে, যাতে কোনো শত্রু ইরানের ওপর আগ্রাসন চালানোর সাহস না পায়।

নৈতিকতাসম্পন্ন, সৃজনশীল, দক্ষ ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে পেজেশকিয়ান বলেন, এমন সন্তানদের গড়ে তুলতে হবে, যারা ইরানের সমস্যাগুলোর সমাধান করতে পারবে এবং উন্নত ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখবে।

তিনি বলেন, “আমাদের সন্তানরাই দেশের সবচেয়ে বড়, মূল্যবান ও দীর্ঘস্থায়ী সম্পদ। আমরা যদি এই সত্য উপলব্ধি করতে পারি, তাহলে তাদের বিকাশ, উৎকর্ষ ও দক্ষতা বৃদ্ধির জন্য কোনো প্রচেষ্টাই বাকি রাখব না।” ইরানের ভবিষ্যৎ নির্মাণে শিক্ষার ভূমিকার ওপর জোর দিয়ে প্রেসিডেন্ট আরও বলেন, সন্তানদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা উন্নতির শিখরে পৌঁছাতে পারে এবং উদ্যম, সৃজনশীলতা, আশা ও জীবনপ্রেমের মধ্য দিয়ে সমাজের ভবিষ্যৎ নির্মাণ করতে পারে।

তিনি উল্লেখ করেন, উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং তরুণ প্রজন্মের প্রতিভা ও সক্ষমতার বিকাশ ঘটানোর মাধ্যমেই কেবল এই লক্ষ্য অর্জন সম্ভব।#
 

পার্স টুডে/এমএএইচ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।