ইয়েমেন ইস্যুতে ইরানের অবস্থানে পরিবর্তন আসবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/west_asia-i163998-ইয়েমেন_ইস্যুতে_ইরানের_অবস্থানে_পরিবর্তন_আসবে_না_পররাষ্ট্র_মন্ত্রণালয়
পার্সটুডে- ইয়েমেন পরিস্থিতি নিয়ে ইরানের নীতিগত অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি।
(last modified 2026-10-17T08:25:58+00:00 )
অক্টোবর ১৭, ২০২৬ ১৪:২৫ Asia/Dhaka
  • বাকায়ি
    বাকায়ি

পার্সটুডে- ইয়েমেন পরিস্থিতি নিয়ে ইরানের নীতিগত অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি।

পার্সটুডে জানিয়েছে, শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাকায়ি সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার সংঘাতের বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, সমস্যা সমাধানে কূটনীতির পথ অনুসরণ এবং সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে সংলাপ প্রতিষ্ঠা করা জরুরি।

বাকায়ি আরও বলেন, সংঘাতের অবসান ঘটাতে সহায়তার জন্য ইরান সব সময় আন্তরিক উদ্যোগ নেওয়ার প্রস্তুতি দেখিয়েছে। উভয় পক্ষ অনুরোধ করলে এ লক্ষ্য অর্জনে ইরান তার সব ধরনের সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত রয়েছে।

সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার সংঘাতের ইতিহাস তুলে ধরে ইরানের এই মুখপাত্র বলেন, গত ১২ বছরের ঘটনাপ্রবাহ প্রমাণ করেছে, বিদেশি হস্তক্ষেপ, সামরিক পদক্ষেপ ও অবরোধ ইয়েমেন সংকটের সমাধান নয়।

তিনি বলেন, ইয়েমেনের জনগণ এক দশকেরও বেশি সময় ধরে দেশটির ওপর আরোপিত আকাশ ও সমুদ্র অবরোধের বিরুদ্ধে প্রতিরোধ করে আসছে। ধৈর্যের সঙ্গে তারা এই অন্যায় অবরোধের ভয়াবহ পরিণতি সহ্য করেছেন। বাকায়ির অভিযোগ, আঞ্চলিক শক্তিগুলোর বাইরের পক্ষ, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, এই অবরোধের পরিকল্পনায় ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, এই পরিস্থিতির অবসান ঘটাতে আঞ্চলিক দেশগুলো এবং মুসলিম বিশ্বের দেশগুলোর সক্রিয় উদ্যোগ নেওয়া উচিৎ।#

পার্সটুডে/এসএ/১৭