'মার্কিনি ও ফিলিস্তিনিদের ওপর হামলায় বারবার সহিংসতা এবং প্রকাশ্য দায়মুক্তি মোটেই গ্রহণযোগ্য নয়'
নেতানিয়াহু মিথ্যাবাদী এবং ফিলিস্তিনি শিশু হত্যাকারী: মার্কিন কংগ্রেস সদস্য
-
পশ্চিম তীরের একদল সন্ত্রাসী ইহুদিবাদী বসতি স্থাপনকারী
পার্স টুডে: ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য রো খানা বলেছেন, ইসরায়েলি শাসকগোষ্ঠীর প্রধানমন্ত্রী একজন মিথ্যাবাদী এবং তাঁর হাত ফিলিস্তিনি শিশুদের রক্তে রঞ্জিত।
পার্স টুডে ইরনার বরাতে জানিয়েছে, মার্কিন কংগ্রেস সদস্য রো খানা শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন আলোকচিত্রী ও সাংবাদিক হেইডি লেভিনের ওপর ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার প্রসঙ্গ তুলে লেখেন, ওয়াশিংটন পোস্টের ওই আলোকচিত্রীর ওপর সাম্প্রতিক হামলার পরও ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে দায়মুক্তি নিয়ে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, হামলাকারীরা হেইডি লেভিনকে তুলে আছাড় মারে এবং এরপরও তাঁকে লাথি মারতে থাকে।
খানা ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, “বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডে অর্থায়নের জন্য ইসরায়েলকে যে সহায়তা দেওয়া হয়, তা আমাদের বন্ধ করতে হবে এবং এসব অস্ত্র বিক্রিও বন্ধ করতে হবে।”
মার্কিন কংগ্রেসের আরেক সদস্য রোজা ডিলরোও ওয়াশিংটন পোস্টের আলোকচিত্রী হেইডি লেভিন এবং ফিলিস্তিনি গ্রামবাসীদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার পর দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ডিলরো লেখেন, “বসতি স্থাপনকারীরা যদি দিনের আলোয় ক্যামেরার সামনে একজন মার্কিন সাংবাদিকের সঙ্গে এমন আচরণ করতে পারে, তাহলে কল্পনা করুন, যখন কেউ নজরদারি করছে না, তখন ফিলিস্তিনি পরিবারগুলোকে কী পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এই হামলার জন্য দায়ীদের জবাবদিহি করতে হবে।”
পশ্চিম তীরে ওই মার্কিন সাংবাদিকের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার প্রতিক্রিয়ায় মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হলেনও এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এক্সে দেওয়া এক বার্তায় এই মার্কিন সিনেটর লেখেন, “আমেরিকান ও ফিলিস্তিনিদের ওপর হামলার ক্ষেত্রে বারবার সহিংসতা এবং প্রকাশ্য দায়মুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কবে পদক্ষেপ নেবেন? সরকারকে এই হামলাগুলোর জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।”
ওয়াশিংটন পোস্টের সাংবাদিক হেইডি লেভিন পশ্চিম তীরের রামাল্লাহর পূর্বে অবস্থিত আবু ফালাহ গ্রামে জলপাই সংগ্রহের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা ও মারধরের শিকার হন। #
পার্স টুডে/এমএএইচ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।