'ইরানের বিরুদ্ধে ট্রাম্প ও তার যুদ্ধমন্ত্রীর চালানো বিপর্যয়কর ও অবৈধ যুদ্ধ অব্যাহত'
বেসামরিক ইরানিদের ওপর হামলা; ট্রাম্প প্রশাসনের কাছে ব্যাখ্যা দাবি মার্কিন আইনপ্রণেতাদের
-
মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য ইয়াসমিন আনসারি
পার্সটুডে: ইরানের সঙ্গে যুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং তাঁদের কয়েকজনের নিহত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সরকার ও যুদ্ধ মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছেন দেশটির ৭৭ জন আইনপ্রণেতা।
ইরনার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য ইয়াসমিন আনসারি বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক বার্তায় লিখেছেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের ইরানের বিরুদ্ধে চালানো বিপর্যয়কর ও অবৈধ যুদ্ধ অব্যাহত রয়েছে। এরই মধ্যে ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে সাম্প্রতিক হামলায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাঁদের মধ্যে দুজন শিশু।”
তিনি আরও বলেন, “এই ঘটনা ইরানে মার্কিন হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানির ভয়াবহ ধারাবাহিকতার সর্বশেষ উদাহরণ। এই ধারাবাহিকতার মধ্যে যুদ্ধের প্রথম দিনেই একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনাও রয়েছে, যে ঘটনায় ১২০ শিশু নিহত হয়েছিল।”
আনসারি জোর দিয়ে বলেন, তিনি ‘সারা জ্যাকবস’ ও ‘জেসন ক্রো’-সহ কংগ্রেসের আরও ৭৪ জন সহকর্মীর সঙ্গে মার্কিন সরকারের কাছে ইরানে বিয়ের অনুষ্ঠানে হামলা এবং যুদ্ধের কারণে বেসামরিক নাগরিকদের প্রাণহানির ধারাবাহিকতা সম্পর্কে জবাবদিহি দাবি করেছেন।
১৪০৪ ফারসি সালের ৯ ইসফান্দ (২৮ ফেব্রুয়ারি ২০২৬) তারিখে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের প্রথম কয়েক ঘণ্টায় দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারে তাইয়্যেবা বিদ্যালয়টি শত্রুপক্ষের মার্কিন-ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়। বিদ্যালয়টিতে তিনবার হামলা চালানো হয়। এই মানবিক বিপর্যয়ে মিনাবের ১৬৮ জন ছাত্রী ও ছাত্র এবং কয়েকজন শিক্ষক, বিদ্যালয়কর্মী ও শিক্ষার্থীর অভিভাবক নিহত হন।
এ ছাড়া, ১৪০৫ ফারসি সালের ১০ শেহরিভার (১ সেপ্টেম্বর ২০২৬) মঙ্গলবার রাতে ইরানের হরমোজগান প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরিক কাউন্টির বন্দর কোহেস্তাক এলাকায় একটি আবাসিক বাড়িতে মার্কিন বিমান হামলা চালানো হয়। ওই বাড়িতে একদল মানুষ বিয়ের অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন। হামলায় একটি শিশুসহ পাঁচজন শহীদ হন এবং ৬৮ জন আহত হন। আহতদের অধিকাংশই ছিলেন নারী ও শিশু।
বন্দর কোহেস্তাক ইরানের হরমোজগান প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত সিরিক জেলা বা কাউন্টির একটি বন্দর এলাকা।#
পার্স টুডে/এমএএইচ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।