‘রিয়াদ ইহুদিবাদী পরিকল্পনা অনুযায়ী কাজ করছে’
ইয়েমেনি হামলায় সৌদির বৃহত্তম তেল-কোম্পানি আরামকোর দপ্তরে আগুন
-
ইয়েমেনের হুঁশিয়ারির মধ্যেই সৌদি আরবের আরামকো ভবনে অগ্নিকাণ্ডের খবর এল
পার্সটুডে: ইয়েমেনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়ার মধ্যেই সৌদি আরবের পূর্বাঞ্চলে আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালানো হয়েছে এবং এতে আগুন ধরে গেছে বলে জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রায়ত্ত তেল জায়ান্ট আরামকোর ধাহরান শহরে অবস্থিত একটি স্থাপনায় আগের দিন আগুনের সূত্রপাত হয়।
এদিকে, সৌদি কর্তৃপক্ষ দেশটির বিভিন্ন স্থানে একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে।
সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ (SPA) দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে জানিয়েছে, রাজধানী রিয়াদে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। অন্যদিকে, ইয়েমেনে হামলা চালানোর জন্য গঠিত সৌদি নেতৃত্বাধীন জোটও দাবি করেছে, রিয়াদ প্রদেশের আল-খারজ এলাকার আকাশে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের হারাধ এলাকায় আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এসব ঘটনার খবরের মধ্যে রিয়াদে আগাম সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
২০১৫ সালের মার্চ মাসে সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেনের ওপর অবরোধ আরোপ করে এবং দরিদ্র দেশটির বিরুদ্ধে ব্যাপক সামরিক আগ্রাসন শুরু করে। এ অভিযানে যুক্তরাষ্ট্র ও আরও কয়েকটি পশ্চিমা দেশ সামরিক, রাজনৈতিক ও রসদগত সহায়তা দেয়।
এই যুদ্ধে কয়েক লাখ ইয়েমেনির প্রাণহানি ঘটে। তবে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিজেদের পছন্দের কর্মকর্তাদের ইয়েমেনের ক্ষমতায় পুনর্বহাল করার প্রধান লক্ষ্য অর্জনে সৌদি আরব ব্যর্থ হয়।
২০ জুলাই জনপ্রিয় আনসারুল্লাহর নেতৃত্বাধীন সানার সরকার —যারা সৌদি-সমর্থিত কর্তৃপক্ষের দেশত্যাগের পর থেকে ইয়েমেন পরিচালনা করে আসছে—সৌদি আরবের অবরোধ প্রত্যাহারে রিয়াদকে চাপ দেয়ার উপায় হিসেবে দেশটির বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা করে।
এই অবরোধের জবাব দিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির আশপাশে নিজেদের অর্জিত অবস্থান আরও সুসংহত করছে।
‘দেরি হওয়ার আগেই চলে যান’
মঙ্গলবার ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট বলেছেন, রিয়াদ ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত এবং ইয়েমেন তার জাতীয় সম্পদ পুনরুদ্ধার ও বিদেশি বাহিনী প্রত্যাহার নিশ্চিত না করা পর্যন্ত সৌদি আরবের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখবে।
ইয়েমেনের সংবাদ সংস্থা সাবা-কে (SABA) দেওয়া বক্তব্যে মাহদি আল-মাশাত সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক অভিযানকে ন্যায়সংগত বলে বর্ণনা করেন। তিনি বলেন, এসব অভিযানের প্রধান উদ্দেশ্য হলো ১২ বছর ধরে চলা আগ্রাসন ও অবরোধের অবসান ঘটানো।
তিনি রিয়াদের বিরুদ্ধে সানার প্রতিরোধ অব্যাহত রাখার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি, ইয়েমেন দখলের লক্ষ্য নস্যাৎ করতে সৌদি আরবের সামরিক সমাবেশ ও প্রস্তুতিতে আঘাত হানার কথাও উল্লেখ করেন।
সৌদি আরবকে সরাসরি উদ্দেশ করে তিনি বলেন, “ইয়েমেন আক্রমণে জড়িতদের মধ্যে বুদ্ধিমান সেই ব্যক্তি, যে দেরি হয়ে যাওয়ার আগেই সেখান থেকে চলে যাওয়ার উদ্যোগ নেয়।”
আল-মাশাত ইয়েমেনের রাষ্ট্রকে দুর্বল করে দেয়া এবং দেশটিকে তার প্রাকৃতিক সম্পদ ও সম্পদভান্ডার থেকে উপকৃত হতে বাধা দেয়ার নীতি অনুসরণের জন্য সৌদি আরবের নিন্দা জানান।
তিনি বলেন, ইয়েমেনিরা এখন তাদের জাতীয় লক্ষ্যকে সুসংহত করার এবং বিদেশি শক্তির অধীনতা ও বহিরাগত নির্ভরতা থেকে মুক্ত একটি শক্তিশালী ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ পেয়েছে।
আল-মাশাত “সৌদি আগ্রাসনের অপরাধ এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার” নিন্দা করেন। তিনি এসব হামলাকে রিয়াদের “বর্বরতার” প্রমাণ হিসেবে উল্লেখ করেন এবং পাল্টা জবাব দেয়ার অধিকার পুনর্ব্যক্ত করেন।
বাব আল-মান্দেব প্রণালিকে “যুদ্ধক্ষেত্রে” পরিণত করার জন্যও তিনি সৌদি আরবের নিন্দা জানান। তবে তিনি বলেন, আন্তর্জাতিক নৌ-চলাচল নিরাপদ রয়েছে এবং সামুদ্রিক চলাচলসংক্রান্ত আন্তর্জাতিক দায়বদ্ধতা পূরণে ইয়েমেন প্রতিশ্রুতিবদ্ধ।
‘রিয়াদ ইহুদিবাদী পরিকল্পনা অনুযায়ী কাজ করছে’
আল-মাশাত মদিনাকে লক্ষ্যবস্তু করার বিষয়ে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের অভিযোগ প্রত্যাখ্যান করার ব্যাপারে সানার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি এসব অভিযোগকে রিয়াদের অসহায়ত্ব ও ব্যর্থতার প্রমাণ হিসেবে বর্ণনা করেন এবং “ইহুদিবাদী পরিকল্পনা” অনুযায়ী কাজ করার জন্য রিয়াদের নিন্দা জানান।
পবিত্র স্থানগুলোকে লক্ষ্যবস্তু করার ঘটনায় ইয়েমেনিদের জড়ানোর যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সৌদি আরবকে সতর্ক করে ওই কর্মকর্তা বলেন, পবিত্র স্থানগুলো একটি ‘লাল রেখা’। তিনি আরও সতর্ক করে দেন, “বেপরোয়া কর্মকাণ্ডের” মুখে সানা নীরব থাকবে না। #
পার্স টুডে/এমএএইচ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।