যুক্তরাষ্ট্রের ভুলের পুনরাবৃত্তির পরিণতি আঞ্চলিক সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়বে: গারিবাবাদি
-
- ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী কাজেম গারিবাবাদি
পার্সটুডে: ওয়াশিংটন ইরানে পুনরায় হামলার বিভিন্ন পরিকল্পনা বিবেচনা করছে- এমন জল্পনার প্রতিক্রিয়ায় ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র অতীতের ভুলের পুনরাবৃত্তি করে আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পথ বেছে নিলে তার পরিণতি পশ্চিম এশিয়া অঞ্চলের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়বে।
পার্সটুডে ইরানের রাষ্ট্রিয়ঢ সংবাদ সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী কাজেম গারিবাবাদি রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন, “পরিস্থিতি সম্পূর্ণ পরিষ্কার। তাদেরই আঞ্চলিক বাস্তবতার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে হবে এবং কূটনীতির ভিত্তিতে সমাধান খুঁজতে হবে।”
ইরানের এই উপমন্ত্রী আরও বলেন, “কিন্তু তারা যদি অতীতের ভুলের পুনরাবৃত্তি করতে চায় এবং সামরিক পরিকল্পনা ও হুমকির পথ বেছে নেয়, তাহলে এর পরিণতির একটি বড় অংশ আঞ্চলিক সীমানা ছাড়িয়েও বিস্তৃত হবে। এখন সিদ্ধান্ত নেওয়া এবং নিজেদের পথ নির্ধারণ করার দায়িত্ব তাদেরই।”
গারিবাবাদি আরও স্মরণ করিয়ে দেন, ইরান সব সময় কূটনীতি ও আলোচনার ক্ষেত্রে গঠনমূলক অবস্থান গ্রহণ করেছে। তবে একই সঙ্গে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজ নেটওয়ার্কের এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ইরানের এই সতর্কবার্তা এসেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এনবিসি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর জাতীয় নিরাপত্তা দল আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান পুনরায় শুরু করার বিভিন্ন বিকল্প বিবেচনা করেছেন। এসব পরিকল্পনার মধ্যে আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগেই হামলা চালানোর বিষয়টিও রয়েছে।
যদিও খবরটি ফাঁস হওয়ার কিছুক্ষণ পর ট্রাম্প দাবি করেন, মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে যুক্তরাষ্ট্র ইরানের ওপর কোনো হামলা চালাবে না, তবুও মার্কিন সামরিক বাহিনীর কমান্ড পর্যায়ে তৎপরতা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে।#
পার্সটুডে/এমআরএইচ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।