'অভিযোগের প্রমাণ দেখাতে না পারলে ইরান দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্বিবেচনা করবে'
ব্রিটিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন, তেহরান
পার্সটুডে: আরএএফ ফেয়ারফোর্ড সামরিক ঘাঁটিতে সংঘটিত একটি কথিত ঘটনার সঙ্গে তেহরানকে জড়িয়ে ব্রিটিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভিত্তিহীন অভিযোগের জেরে মঙ্গলবার তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত হুগো শর্টারকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপররাষ্ট্রমন্ত্রী ও পশ্চিম ইউরোপবিষয়ক মহাপরিচালক আলিরেজা ইউসুফি ইরানের প্রতি ব্রিটেনের দায়িত্বজ্ঞানহীন ও ধ্বংসাত্মক মনোভাবের ঘটনায় ইসলামী ইরানের কঠোর প্রতিবাদের কথা জানান।
ইউসুফি ইরানের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের অভিযোগ পুরোপুরি নাকচ ও প্রত্যাখ্যান করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, তেহরানের বিরুদ্ধে দোষ চাপিয়ে দেয়া ও ভিত্তিহীন অভিযোগ তোলার মাধ্যমে ব্রিটিশ কর্মকর্তারা নিজেদের জবাবদিহি এবং আন্তর্জাতিক দায়িত্ব এড়াতে পারেন না।
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের সামরিক আগ্রাসনে অংশগ্রহণের জন্য ব্রিটেন দায়ী। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী ও ব্যক্তিদের আশ্রয় দেয়ার দায়ও ব্রিটেনের রয়েছে।
ইরানবিরোধী প্রচারণার অংশ হিসেবে ব্রিটেনের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে ইউসুফি বলেছেন, এ ধরনের আচরণ ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতার সঙ্গে পুরোপুরি অসংগতিপূর্ণ।
তিনি জোর দিয়ে বলেন, আরএএফ ফেয়ারফোর্ড সামরিক ঘাঁটিতে কথিত ঘটনাটি সম্পর্কে ইরানের বিরুদ্ধে আনা অভিযোগের সমর্থনে ব্রিটিশ সরকারকে অবিলম্বে নথিপত্র ও প্রমাণাদি উপস্থাপন করতে হবে। অন্যথায়, ইসলামী ইরান দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্বিবেচনা করবে বলে তিনি সতর্ক করেন। এর পরিণতির জন্য ব্রিটিশ সরকারকেই দায়ভার বহন করতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন।
ব্রিটিশ রাষ্ট্রদূত বলেছেন, তিনি ইরানের বক্তব্য ও অবস্থান তাঁর দেশের কর্মকর্তাদের কাছে পৌঁছে দেবেন। #
পার্স টুডে/এমএএইচ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।