যুক্তরাষ্ট্রের শত্রুতা যত বাড়বে, আমাদের জাতি ততই সুদৃঢ় হবে: হাজি বাবায়ি
-
- ইরানের সংসদের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবায়ি
পার্সটুডে- ইসলামি ইরানের সংসদের ডেপুটি স্পিকার বলেছেন, যুক্তরাষ্ট্রের শত্রুতা ও বিদ্বেষ যত বাড়ছে, ইরানের জাগ্রত জাতি ততই প্রস্তুত ও সুদৃঢ় হয়ে উঠছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, রোববার ইরানের সংসদের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবায়ি হরমুজ প্রণালিকে ইরানি জাতির শক্তি ও কর্তৃত্বের প্রতীক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, অপরাধী যুক্তরাষ্ট্রের মোকাবিলায় ইরানের জনগণ বর্তমানে তাদের সবচেয়ে উদ্দীপনাময় সময় পার করছে। যুক্তরাষ্ট্রের শত্রুতা ও বিদ্বেষ যত বাড়ছে, ইরানের জাগ্রত জাতি ততই প্রস্তুত ও সুদৃঢ় হয়ে উঠছে।
অর্থনৈতিক দুর্ভোগ এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অন্যায় চাপের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব চাপ ইরানি জাতির সংকল্পকে আরও শক্তিশালী করেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র প্রতিদিনই পারস্য উপসাগরের জলাভূমিতে আরও গভীরভাবে নিমজ্জিত হচ্ছে। হরমুজ প্রণালি, পারস্য উপসাগর ও ওমান সাগরের উত্তাল জলরাশিতে ট্রাম্প গোষ্ঠীর ডুবে যাওয়ার অপেক্ষায় রয়েছে ইরানের জনগণ। আর আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যম্ভাবী।
হাজি বাবায়ি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে ট্রাম্পের পরাজয়কে বিশ্বব্যাপী আধিপত্যবাদ ও রাজনৈতিক ভাঁড়ামির অন্ধকার যুগের অবসান হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ট্রাম্পের অন্ধকার শাসনামলে যুক্তরাষ্ট্রের জনগণ যেভাবে অপমানিত হয়েছে, সে বিষয়ে তাদের উপলব্ধি ও বিচক্ষণ দৃষ্টিভঙ্গিরই এটি একটি লক্ষণ।#
পার্সটুডে/এমআরএইচ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।